ইব্রাহিম খলিল : পদ্মা সেতু চালু হওয়ার আগেই সাতক্ষীরার ভোমরা বন্দর সড়ক চার লেনে উন্নীত করা হবে বলে। আর এই সেতু চালু হলে ভোমরা স্থবন্দর আকর্ষনীয় বন্দরে পরিণত হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন ও স্থল বন্দর মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার বিকালে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের উন্নয়ন ও পরিচালনায় গতিশীলতা আনয়নে অনুষ্ঠিত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, ভোমরার প্রতি সরকারের বিশেষ দৃষ্টি আছে। এ বন্দরের যেমন অনেক প্রতিবন্ধকতা রয়েছে, তেমনি অনেক সম্ভাবনাও আছে। অবকাঠামোগত উন্নয়ন ঘটিয়ে আগামী ৪-৫ বছরের মধ্যে ভোমরা বন্দরকে একটি আকর্ষণীয় বন্দরে পরিণত করা হবে।
একই সাথে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভোমরা বন্দরে রেজিস্ট্রার্ড শ্রমিক সংগঠন থাকা সত্তে¡ও লেবার ঠিকাদার কি জন্য নিয়োগ করা হয়, তা আমার বোধগম্য নয়। বন্দরের ডবল লেবার বিল সংক্রান্ত জটিলতার অচিরেই স্থায়ী সমাধান করা হবে।
সভায় স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন চক্রবর্তীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, কাস্টমস কমিশনার মোস্তবা আলী, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক গোলাম মহিউদ্দিন খন্দকার, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ, প্রেসক্লাব সভাপতি আবু আহমেদ, ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন প্রমুখ।


