কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজের শরীর চর্চা শিক্ষক, সুমিষ্টভাসী মাহবুব হাসান ( ৫০) আর নেই। তিনি ১৪ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা সিবি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্নানিল্লাহি.. রাজিউন)।
দেবহাটার টাউনশ্রীপুর গ্রামের আফসার মাস্টারের জ্যেষ্ঠ পুত্র, ১১ বছরের এক পুত্র সন্তানের জনক মাহবুব হাসান দীর্ঘ প্রায় এক বছর যাবৎ কিডনি, ডায়বেটিস সহ বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তিনি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় মাঝে ভারত থেকেও চিকিৎসা গ্রহণ করেছেন। কিন্তু গত কয়েকদিন আগে শারীরিক অবস্থার চরম অবনতি হলে পরিবারের পক্ষ থেকে সাতক্ষীরা সিবিআই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন তিনি মৃত্যুবরণ করেন।
নলতা কলেজের শরীর চর্চা শিক্ষক ও টাউনশ্রীপুর হাইস্কুলের শিক্ষক মো: মুকুলের ভ্রাতা মাহবুব হাসান মৃত্যুকালে স্ত্রী হাসিনা, ১ পুত্র,পিতা-মাতা, ১ ভাই, ১ বোন সহ অসংখ্য গুণগ্রাহী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বুধবার বেলা ১১ টার সময় টাউনশ্রীপুর হাইস্কুল মাঠে নামাজে জানাযা শেষে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


