নগরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহবানে মাইকিং

64
নগরঘাটায় ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহবানে মাইকিং

মোঃ মামুন হোসেন : তালা উপজেলার নগরঘাটা ইউনিয়নে ডেঙ্গু প্রতিরোধে সচেতন থাকার আহবানে মাইকিং করা হয়েছে। শনিবার সকাল ৯ ঘটিকার সময় হতে ইউনিয়নের বিভিন্ন জায়গায় মাইকিং করতে দেখা যায়। এর আগে সাতক্ষীরার ৭৮টি ইউনিয়নে একযোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‌্যালি ও লিফলেট বিতরন করা হয়েছে বলে জানা যায়। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের নেতৃত্বে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় লিফলেট বিতরণ চলমান।

সাতক্ষীরা জেলায় ডেঙ্গু আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত জেলায় ৪০জন ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতক্ষীরা সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি হয়েছে বলে জানান জেলা সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন। এরমধ্যে ডেঙ্গু আক্রান্ত ৩৭জন ঢাকা থেকে এসেছে। এর মধ্যে জেলায় বসবাসরত ৩জন ডেঙ্গু আক্রান্ত হয়েছে বলে তথ্য দিয়েছেন জেলা সিভিল সার্জন। তবে বেসরকারী হিসাব মতে এর সংখ্যা আরো বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের মতে চলতি বছর সারা দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। ৬৪ জেলাতেই এখন ডেঙ্গুর বিস্তার। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকাও। স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগীর সংখ্যা ১ হাজার ৬৮৭ জন। তবে বিদ্যমান পরিস্থিতি আর কয়েকদিন অব্যাহত থাকলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

এদিকে প্রতিদিন জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়াতে সাধারণের মতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জ্বরে আক্রান্ত যে কোনো রোগীর ক্ষেত্রেই ডেঙ্গু পরীক্ষার জন্য অপেক্ষা না করে যত দ্রুত সম্ভব চিকিৎসক বা নিকটস্থ হাসপাতালের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

এদিকে জেলায় ডেঙ্গু রোগ নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এ বিষয়ে ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান লিপু বলেন, ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত উদ্যোগ। জেলা প্রশাসক মোস্তফা কামাল মহাদয় ১ দিন ১ ঘন্টা পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সকলকে সচেতন করার লক্ষে নির্দেশনা দিয়েছেন। প্রতিদিন সকাল ১০ থেকে১১টা এক ঘন্টা নিজেরা আমাদের বাসা বাড়ী , শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত , হাট বাজার , রাস্তা ঘাট, বাসস্টেশন, হোটেল রেঁস্তোরা, খেলার মাঠ, ছাদবাগান, পরিস্কার পরিচ্ছন্ন করে ডেঙ্গু প্রতিরোধে নিজেরা সচেতন হয়ে অন্যকে সচেতন করার আহবান জানিয়েছেন। সেই লক্ষে ইউনিয়ন বাসীকে সচেতন করতে মাইকিং করা হচ্ছে।