নগরঘাটার আম যাচ্ছে ঢাকার বিভিন্ন সুপার শপে

18
নগরঘাটার আম

ইয়াছিন আলীঃ সাতক্ষীরার স্বাদে-গন্ধে অনন্য বৈশিষ্ট সম্পন্ন আম গত কয়েক বছর ধরেই জনপ্রিয়তা পেয়েছে রাজধানী ঢাকাসহ দেশের বড়সড় সুপারশপে। দেশের গন্ডি পেরিয়ে মধুমাসের মধুফল রপ্তানী হচ্ছে বিদেশেও। তারই ধারাবাহিকতায় তালা উপজেলার নগরঘাটা ইউনিয়ন থেকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সুপারশপ আগোরা’য় যাচ্ছে ফলের রাজা আম।

উপজেলা কৃষি অফিস জানায়, চলতি মৌসুমে তালা উপজেলায় আমের আবাদ হয়েছে ৭১৫ হেঃ জমিতে। এঅঞ্চলে মূলত: হিমসাগর, গোপালভোগ, আম্রপালি, ল্যাংড়া, হাড়িভাংগা, লতা, মল্লিকা আর গোবিন্দভোগের মতো জনপ্রিয় জাতের আমের মূলত চাষ হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শুভ্রাংশু শেখর দাশ জানান, সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম. মোস্তফা কামাল এবং খামারবাড়ির উপ-পরিচালক  অরবিন্দ বিশ্বাসের নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসন ও কৃষি দপ্তরের সার্বক্ষনিক নজরদারীর মাধ্যমে অপরিপক্ক আম ভাঙা থেকে বিরত থাকা এবং ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ না করার জন্য আম চাষি দের নির্দেশ প্রদান করা হচ্ছে। মাঠ পর্যায়ে উপ সহকারী কৃষি কর্মকর্তাদের নিবিড় তত্ত্বাবাবধায়ন অব্যাহত রয়েছে।

কৃষি সসম্প্রসারণ কর্মকর্তা আরও জানান, বৃহস্পতিবার (২৩মে) উপজেলার নগরঘাটা, ধানদিয়া ইউনিয়ন থেকে ৪২০০ কেজি হিমসাগর আম সুপারশপ আগোরা’য় যাচ্ছে। গুনগত মান রক্ষার্থে চলমান কার্যক্রম অব্যাহত থাকলে আগামীতে তালা উপজেলার আমের চাহিদা ক্রেতাসাধারনের কাছে আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন এই কর্মকর্তা।