মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: চারদলীয় ঐক্য জোট সরকারের আমলের সাবেক গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবিরকে তাঁর নির্বাচনী এলাকায় (নওগাঁ-৬ আসন) অবাঞ্চিত ঘোষণা করেছে রাণীনগর ও আত্রাই উপজেলা বিএনপি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি ও রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাণীনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী রবিউল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক একেএম জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, যুবদলের সভাপতি এমদাদুল হক, আত্রাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য তসলিম উদ্দিন ও আব্দুল মান্নানসহ দুই উপজেলার বিএনপি ও তাঁর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
লিখিত বক্তব্যে এসএম আল ফারুক বলেন, ২০০১ সালে বিএনপির প্রার্থী হিসেবে তৃতীয়বারের মতো নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই) আসনে আলমগীর কবির সাংসদ নির্বাচিত হন এবং জোট সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান।
কিন্তু সরকারের শেষ সময়ে বিএনপিকে চাকর-বাকরের দল উল্লেখ করে এবং খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালিয়ে বিএনপি ত্যাগ করে এলডিপিতে যোগ দেন।
এ ঘটনার পর থেকে তিনি স্থানীয় বিএনপির নেতাকর্মীদের কাছে বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হয়েছেন।
তিনি এলাকায় পরিণত হয়েছেন এক জনধিকৃত ব্যক্তি হিসেবে। লিখিত বক্তব্যে বলা হয়, সম্প্রতি একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আলমগীর কবির আবারও বিএনপিতে ফেরায় এবং বিএনপির প্রার্থী হওয়ার ইচ্ছায় দলীয় মনোনয়ন তোলায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এছাড়া তিনি বিভিন্ন ধরণের অসাংগঠনিক কাজ করে দলকে বিভাজন করার চেষ্টা করছেন। যা আগামী নির্বাচনে প্রভাব পড়বে।
এ অবস্থায় আত্রাই-রাণীনগর বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা দলকে ঐক্যবদ্ধ রাখার স্বার্থে আলগীর কবিরকে অবাঞ্চিত ঘোষণা করছে।
এসএম আল ফারুক বলেন, ‘আলমগীর কবির দল ত্যাগ করার পর থেকে গত ১২ বছর ধরে রাণীনগর ও আত্রাই উপজেলা বিএনপির হাল ধরে রেখেছেন তাঁর ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু।
তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য। বর্তমান অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম, জেল-জুলুম ও মামলা-হামলার তোয়াক্কা না করে আত্রাই-রাণীনগরে বিএনপির জনমত তৈরি করেছেন তিনি।
এ অবস্থায় আমরা স্থানীয় বিএনপির নেতাকর্মীরা আনোয়ার হোসেনকে বিএনপির প্রার্থী হিসেবে দেখতে চাই।’



