নওগাঁর মান্দায় আমন ধানের বাজারে ধ্বস!

87

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় হাটে হাটে নতুন ধানের সরবরাহ বেড়েছে প্রচুর। শুক্রবার সকালে মান্দা উপজেলার হাট সতিহাট ঘুরে দেখা গেছে সরবরাহ বাড়লেও হাটে ক্রেতা ছিল কম।

এক সপ্তাহের ব্যবধানে সব রকম ধানের দাম মণ প্রতি ১০০ থেকে ১৫০ টাকা কমে গেছে। ১৫-২০ দিন আগেও ধানের দাম ছিলো অনেক বেশি। কিন্তু হঠাৎ শুক্রবার নতুন আমন ধানের দাম কমে যাওয়ায় কৃষকরা হতভম্ব হয়ে পড়েছেন। দামের এই ধসে কৃষকের চোখ-মুখে হতাশা ছাপ ফুটে উঠেছে।

স্থানীয় কৃষক ইনছের আলী, মমতাজ আলী, আব্দুল জব্বার এবং রফিকুল ইসলামসহ অনেকে জানান, ১৫ দিন আগে স্বর্ণা-৫ ধানের দাম ছিল ১১৫০ টাকা মণ, আর গুটি স্বর্ণা ধানের দাম ছিল ১০৫০ টাকা মণ। মান্দার সতীহাটসহ অন্যান্য হাটে সেই স্বর্ণা-৫ এর ধানের দাম কমে হয়েছে ১হাজার ৩০ থেকে ৫০ টাকা এবং গুটি স্বর্ণা ধানের দাম কমে হয়েছে ১ হাজার টাকা মণ। এমনি করে সব জাতের ধানের দাম মণপ্রতি কমেছে ১০০-১৫০ টাকা।

সতিহাটের ধানের আড়তদার বাবুল চৌধুরী, আব্দুর রশিদ মন্ডল এবং মুঞ্জু জানিয়েছেন যে, ডিসেম্বর ক্লোজিং, হালখাতার কারণে আমদানি বেশি এবং বাজারে চালের দাম বেড়ে যাওয়ায় মিল মালিকরা ধান কেনা বন্ধ করে দেয়ায় ধানের বাজারে ধ্বস নেমেছে।