খেলাধুলা ডেস্ক: গত তিন ধরে বেতন-ভাতা বৃদ্ধি ও ক্রিকেট-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করছেন ক্রিকেটাররা। দফায় দফায় সংবাদ সম্মেলন শেষে আজ বুধবার নিজেদের ১৩টি দাবির চূড়ান্ত তালিকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে পাঠান তাঁরা। নিজেদের দাবির তালিকা পাঠানোর পর রাত সাড়ে ৯টা নাগাদ বিসিবি কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন তাঁরা।
শেষ পর্যন্ত দুই পক্ষের আলোচনা ফলপ্রসূ হয়েছে। দীর্ঘ প্রায় দুই ঘণ্টার আলোচনা শেষে ক্রিকেটারদের দাবি মেনে নিয়েছে বিসিবি। আগামী শনিবার থেকে মাঠে ফিরছেন ক্রিকেটাররা।
আলোচনা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ক্রিকেটারদের সব দাবি মেনে নেওয়া হয়েছে। আমরা আশা করছি, দু-একদিনের মধ্যে সবকিছু বাস্তবায়ন হয়ে যাবে। আর অবকাঠামো সমস্যার সমাধান করতে হয়তো কিছুটা সময় লাগবে। আগামী ২৫ অক্টোবর থেকে জাতীয় দলের খেলোয়াড়দের ক্যাম্প শুরু হবে। অপাতত ১১ দফা নিয়ে আলোচনা হয়েছে। বাকি দুটি নিয়ে পরে আলোচনা হবে।
সমস্যার সমাধান হওয়ায় খুশি ক্রিকেটাররা। বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান বলেন, বিসিবি সভাপতি আশ্বাস দিয়েছেন, ক্রিকেটারদের অধিকাংশ দাবি মেনে নেওয়া হয়েছে। তাই আমরা দ্রুতই মাঠে ফিরছি। এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে, আমরা খুশি।
অবশ্য ক্রিকেটারদের আন্দোলন নিয়ে আজ সকাল থেকেই নাটক চলছিল। প্রথম ধাপে সকাল বেলা বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানান, ক্রিকেটারদের সঙ্গে আলোচনায় বসতে নিজেদের আগ্রহের কথা। তা ছাড়া সব দাবি-দাওয়া মেনে নেওয়ার কথাও জানান প্রধান নির্বাহী।
এরই মধ্যে ক্রিকেটারদের দাবি-দাওয়ার বিষয় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনা করতে গণভবনে যান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। প্রধানমন্ত্রীকে সবকিছু অবগত করে সাংবাদিকদের তিনি জানান, ক্রিকেটারদের দাবি মেনে নিতে প্রস্তুত বিসিবি। বোর্ড সভাপতির কথায়, প্রধামন্ত্রীকে সব বিষয় জানিয়েছি। আমরা খেলোয়াড়দের সব দাবি মেনে নিতে রাজি আছি। কিন্তু তারা ফোনই ধরছে না। শুধু টাকার কারণে এমনটা করছে না তারা। এখানে অন্য কোনো কারণ থাকতে পারে।
কিন্তু বিসিবির কোনো ডাকেই সাড়া দেননি সাকিব-তামিমরা। দিনভর টাইগারদের জন্য মিরপুরে বিসিবির কার্যালয়ে অপেক্ষা করেছেন বোর্ড কর্মকর্তারা। বিকেল থেকে অপেক্ষায় ছিলেন খোদ নাজমুল হাসান পাপনও। কিন্তু বিসিবির সঙ্গে আলোচনায় বসতে মিরপুরে আসেননি ক্রিকেটাররা। বিসিবির অনুরোধ উপেক্ষা করে উল্টো সংবাদসম্মেলন ডাকেন ক্রিকেটাররা।
রাজধানীর সিক্স সিজন হোটেলে সন্ধ্যা সাড়ে ৬টায় সংবাদ সম্মেলন করেন তাঁরা। যেখানে টাইগারদের প্রতিনিধি হয়ে কথা বলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। আইনজীবীর মাধ্যমে নতুন করে ১৩ দফা দাবি জানান ক্রিকেটাররা।
এ সময় সব দাবি মেনে নেওয়ার আশ্বাস পেলে ক্রিকেটাররা মাঠে ফিরবেন বলে জানান ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান। সাকিব নিজেও জানান, শুধু নিজেদের দাবিগুলোর জন্যই আবেদন জানিয়েছেন তাঁরা, এ ছাড়া কোনো ব্যক্তির বিরুদ্ধে এই আন্দোলন করছেন না তাঁরা।
বাংলাদেশ টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, সেদিন খুব অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন আমরা নতুন করে সিদ্ধান্ত নিয়েছি। আমরা যত দ্রুত সম্ভব বিসিবির সঙ্গে যোগাযোগ করব। আসলে আমরা সবাই এক। কেউ কারো থেকে দূরে নই। তা ছাড়া আমরা শুধু নিজেদের দাবির কথাই জানিয়েছি।
সংবাদ সম্মেলন শেষে নিজেদের মধ্যে আলোচনায় বসেন সব ক্রিকেটার। এরপর একযোগে বিসিবির সঙ্গে আলোচনায় বসতে মিরপুরের উদ্দেশে রওনা হন তাঁরা। এই প্রতিবেদন লেখার সময় বিসিবি কার্যালয়ে দুই পক্ষের আলোচনা চলছে। আলোচনা ফলপ্রসূ হলে আজ রাতের মধ্যেই ক্রিকেটের এই দুর্যোগ কাটবে বলে আশা করা যাচ্ছে। আপাতত বৈঠক শেষ হওয়ার অপেক্ষা।



