তালায় তৃণমূলে আওয়ামীলীগের উপজেলা চেয়ারম্যানদের নামের তালিকা কেন্দ্রে না যাওয়ার অভিযোগ

58
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

এসএম বাচ্চু,তালা প্রতিনিধি: তালায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সাতক্ষীরার তালা উপজেলায় তৃণমূলের মতামত উপেক্ষা করে পছন্দের প্রার্থীদের নামের তালিকা পাঠানোর অভিযোগ উঠেছে জেলা আ’লীগ নেতাদের বিরুদ্ধে।

দলীয় সূত্রে জানাযায়, তালায় তৃর্ণমূলের মতামতের ভিত্তিতে উপজেলা চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনের নাম জেলা নেতাদের কেন্দ্রে পাঠানোর কথা। কিন্তু এই নির্দেশনা মানেনি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতারা। উপজেলা বর্ধিত সভায় চেয়ারম্যান পদে তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মো. রফিকুল ইসলামে নাম মনোনিত করা হয়। অথচ তাদের নাম কেন্দ্রে না পাঠিয়ে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ফিরোজ কামাল শুভ্র-এর নাম পাঠিয়েছে জেলা কমিটি।

মনোনয়ন বঞ্চিতদের অভিযোগ সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়নের লক্ষ্যে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী গত ২৬ জানুয়ারী তালা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় মনোনয়নের জন্য চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ফিরোজ কামাল শুভ্র, উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মো. রফিকুল ইসলাম আবেদন করেন।

এ সময় কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তৃনমূলের নেতা-কর্মীরা ভোটের মাধ্যমে প্রার্থী নির্বাচনের দাবী জানালে জেলা আওয়ামী লীগের সভাপতি সভা মুলতবি করে চলে যাওয়ার চেষ্টা করেন। এসময় দলীয় নেতা-কর্মীদের চাপের মূখে পরদিন ভোটের মাধ্যমে প্রার্থী মনোনয়নের সিদ্ধান্ত জেলার নেতারা। পরে ২৭ জানুয়ারী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার ফিরোজ আহম্মেদের উপস্থিতিতে ২৯০ জন কাউন্সিলারের মতামতের ভিত্তিতে তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু ও কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মো. রফিকুল ইসলাম মনোনিত হয়। অথচ প্রণব ঘোষ বাবলু ও মো. রফিকুল ইসলামের নাম বাদ দিয়ে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ফিরোজ কামলা শুভ্র ও ঘোষ সনৎ কুমারের নাম পাঠিয়েছেন তারা । উক্ত দিনেও ভাইচ চেয়ারম্যান হিসাবে কেন্দ্রে কার নাম আগে পাঠানো হবে তাই নিয়ে বর্তমান ভাইচ চেয়ারম্যান ইখতিয়ার হোসেন ও ভাইচ চেয়ারম্যান পদপ্রাথী সরদার মশিয়ার রহমানের কর্মী সর্মথকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ধাওয়া পাল্টা পাল্টা ধাওয়ার কারনে শুধুমাত্র উপজেলা চেয়ারম্যানদের নামের তালিকা প্রস্তুত করে জেলা নেতারা তালা থেকে চলে যান।

তালা উপজেলার আ’লীগ নেতা সরদার ইমান আলী জানান, তৃণমূলের মতামতের ভিত্তিতে যাদের নাম গেছে, তারা মনোনয়ন না পেলে দল ক্ষতিগ্রস্ত হবে। বিভিন্ন সময়ে যারা নৌকার বিরোধীতা করেছে, তাদের নাম যদি কেন্দ্রে যায় এর থেকে দুঃখ কিছু নেই।

জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাম প্রসাদ দাশ জানান, তৃণমূলের মতামতের ভিত্তিতে তিন জনের নাম গেছে। তারা কেউ মনোয়ন পেলে জয়ী হবেন বলে আশা করেন তিনি।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা উপজেলা চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী প্রভাষক প্রণব ঘোষ বাবলু জানান, দলের গঠণতন্ত্র লঙ্ঘন করায় জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নিকট লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বস্ত করেছেন বলে জানান।তালায় রাজনৈতিক মহলে চলছে আলোচনা সমলোচনা। যেকোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ।

সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম বলেন, জেলা সভাপতির সাথে ঐক্যমত না হওয়ায় বিষয়টি সমাধান করা সম্ভব হয়নি।