চলাচলের রাস্তা বন্ধ করায় ১৬ পরিবার অবরুদ্ধ

36

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে রাস্তা বন্ধ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। চলাচলের রাস্তা বন্ধ করায় ১৬টি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। পরিতোষ দাস নামে তাদের এক প্রতিবেশীর বিরুদ্ধে রাস্তাটি বন্ধের অভিযোগ পাওয়া গেছে।

রাস্তাটি বন্ধ করায় পরিবারগুলো দীর্ঘদিন ধরে চলাচলে বিড়ম্বনায় পড়েছে। এবিষয়ে প্রতাপপুর গ্রামের দিবাশিষ দাস উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন।

সরেজমিনে দেখা যায়, চলাচলের জন্য একটি রাস্তায় বাশের বেড়া দিয়ে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। এতে পুরো রাস্তাটি বন্ধ হয়ে গেছে।

জানা গেছে, মজিদপুর ইউনিয়নের দিবাশিষ দাস ৩১ নং প্রতাপপুর মৌজার হাল ৬৫৪ সাবেক দাগ ১৮ হালদাগ ১২৬ এর ২২ শতক জমির মধ্যে ৫ শতক দীর্ঘ প্রায় ২০ বছর পূর্বে একই গ্রামের পরিতোষ দাস গংদের নিকট থেকে ক্রয় করে বসতবাড়ি নির্মান করে ভোগদখল করে আসছেন।

ক্রয়ের পূর্বশর্ত হিসেবে উভয় পক্ষ ১ হাত করে ২ হাত জমির মধ্যখান দিয়ে চলাচলের রাস্তা তৈরি করে চলাচল করে আসছে। সম্প্রতি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাস্তা নিয়ে উভয় পক্ষের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়। তারই সুত্র ধরে পরিতোষ দাসের নেতৃত্বে নিত্য দাস, পলাশ দাস, মনি শংকর দাস, দিপু দাস, টসর দাস সহ একদল ব্যক্তি চলাচলের রাস্তায় বাশের বেড়া দিয়ে চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখে। এতে ১৬ পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে।

বিকল্প কোনো রাস্তা না থাকায় ১৬টি পরিবারের সদস্যরা বেকায়দায় পড়েছেন। চলাচলের উপযুক্ত করার দাবিতে দিবাশিষ দাস উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেছেন। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।