দেশের খবর : শুক্রবার ১৭ মে দুপুর ২টার দিকে মহানগরের আড়ংঘাটা থানার তেলিগাতী বাইপাসের বড়ইতলা ঘাটের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক ওমর ফারুক হৃদয় (২৪) ও হাসপাতালে নেওয়ার পথে মোটরসাইকেলের আরোহী দুই জমজ ভাইয়ের ছোট ভাই সাকিন আলম স্টারের (১০) মৃত্যু হয়েছে। বড় ভাই মাহিন আলম সানকে (১০) গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, খুলনা রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) খুরশিদ আলমের জমজ ছেলে ফুলবাড়ীগেট তাহফিযুচ ছুননাহ হিফয মাদরাসার হেফয বিশেষ শাখার চতুর্থ শ্রেণির ছাত্র মাহিন ও সাকিনকে জুম্মার নামাজ শেষে দৌলতপুর বনানীপাড়ার হৃদয় মোটরসাইকেলে করে দৌলতপুর তাদের বাসা নিয়ে যাচ্ছিলেন। ঘটনাস্থলে মোড় ঘোরানোর সময় যশোরমুখী প্রাইভেটকার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকার ও মোটসাইকেল দুমড়ে-মুচড়ে যায়।
এসময় ঘটনাস্থলে মোটরসাইকেলের চালক হৃদয় নিহত হন। এসময় অপর দুই আরোহী ছিটকে রাস্তার পাশে রাখা বিদ্যুতের পোলের উপর পড়েন। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে প্রাইভেটকারের চালকসহ গুরুতর আহত দুই জমজ ভাইকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ছোট ভাই সাকিনের মৃত্যু হয়।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতরা সবাই দৌলতপুর থানার আঞ্জুমান এলাকার বাসিন্দা।



