কেশবপুর পৌর নির্বাচনে সরব আ.লীগ: বিএনপি’র প্রচারণা ঢিলেঢালা

39

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: আগামী ২৮ ফেব্রুয়ারি পঞ্চম ধাপে যশোরের কেশবপুর পৌরসভায় চতুর্থ বারের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে ব্যালটে নয়, লড়াই হবে ইভিএমে। এই প্রথমবারের মতো কেশবপুর পৌরসভায় ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে প্রতিদ্বন্দ্বী মেয়র, কাউন্সিলর প্রার্থীরা কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নিশ্চিত করতে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে নির্বাচনের শেষ দিকে জোরেশোরে চলছে জমজমাট প্রচার-প্রচারণা।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে কেশবপুর পৌরসভার ভোটার সংখ্যা ২০ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ১০ হাজার ২০৮ জন পুরুষ ভোটার ও ১০ হাজার ৫৬৭ জন মহিলা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।এই নির্বাচনে মেয়রপদে ৩ জন এবং ৩৮ জন সাধারণ কাউন্সিলর ও ১৩ জন মহিলা কাউন্সিলরসহ ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

পৌরসভার মেয়র পদে যে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র রফিকুল ইসলাম (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুল কাদের (হাতপাখা)।প্রার্থীরা রাত জেগে ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। পৌর এলাকাজুড়ে শোভা পাচ্ছে প্রার্থীদের পোস্টার। দিন যতই ঘনিয়ে আসছে ততই সরগরম হয়ে উঠছে কেশবপুর পৌর এলাকা।

পছন্দের প্রার্থীকে ভোট দিতে অপেক্ষার প্রহর গুণছেন ভোটাররা।নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। শেষ মুহূর্তের প্রচারণায় চায়ের দোকান থেকে শুরু করে সর্বত্রই চলছে নির্বাচনী চুলচেরা বিশ্লেষণ। অনেকে আবার পছন্দের প্রার্থীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চালাচ্ছেন ব্যাপক প্রচার-প্রচারণা। নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে মেয়র, কাউন্সিলর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীরা মাঠে নেমেছেন কোমর বেঁধে।

অনেক ভোটার জানান, বর্তমান মেয়রের সময়ে কেশবপুর পৌরসভায় যথেষ্ট উন্নয়ন হয়েছে। তাই পৌরসভার উন্নয়নের স্বার্থে ভোটাররা আবারও নৌকা মার্কায় ভোট দিবে বলে তারা জানান।কেশবপুর পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে গত ২২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ কর্মকর্তাগণের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদা।

কেশবপুর উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ বলেন, বর্তমানে কেশবপুর পৌরসভার ভোটার সংখ্যা ২০ হাজার ৭৭৫ জন। এর মধ্যে ১০ হাজার ২০৮ জন পুরুষ ও ১০ হাজার ৫৬৭ জন মহিলা ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।