কেশবপুরে সাড়ে ৫ ফুট উঁচু পাকা কলার কাঁদি দেখতে ভিড়

261

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে বুধবার সাড়ে ৫ ফুট উঁচু কলার কাঁদি দেখতে তরিকুল ইসলাম নামে এক কৃষক বাড়িতে এলাকার মানুষ ভীড় জমিয়েছে। এছাড়াও ফেসবুকে ওই ছবি ছড়িয়ে পড়লে অনেকেই আগ্রহ নিয়ে তার কাছে ফোন করেছেন।

গাছ পাকা কলাসহ এত বড় কাঁদি সচরাচর দেখতে পাওয়া যায় না বিধায় উৎসুক মানুষের এমন আগ্রহ লক্ষ্য করা গেছে বলে তিনি জানান।

জানা গেছে, কেশবপুর সদর ইউনিয়নের নতুন মূলগ্রামের কৃষক তরিকুল ইসলাম বাড়ির পাশে একটি ঠটে কলার (দুধ সাগর) গাছ লাগান। গাছে কাঁদি আসার পর তিনি বস্তা দিয়ে কলা ঢেকে রাখেন। মঙ্গলবার বিকেলে ওই গাছের নীচে গেলে কাঁদির অধিকাংশ কলায় দেখেন পেকে গেছে। তাৎক্ষণিক গাছ থেকে কলার কাঁদি কেটে ফেলেন। পরে বাড়ির পাশের রাস্তার উপরে প্রায় সাড়ে ৫ ফুট উঁচু ওই পাকা কলাসহ কাঁদি আনলে এলাকার মানুষ ভীড় করতে থাকে। বিষয়টি জানাজানি হলে বুধবার সকালেও কলার কাঁদি দেখতে ও পাকা কলা কেনার জন্য তার বাড়িতে উৎসুক মানুষেরা আসতে থাকে।

ওই গ্রামের আব্দুল্লাহ আল মামুন বলেন, এত বড় কলার কাঁদি প্রথমবার দেখেছেন তিনি। স্মৃতি হিসেবে ধরে রাখতে ও অন্যদের দেখানোর জন্য ছবি তুলে ফেসবুকে পোস্ট দিলে সেখানে অনেকেই মন্তব্য করেছেন।কৃষক তরিকুল ইসলাম জানান, ফেসবুকে কলার কাঁদির ছবিসহ তার ঠিকানা ও মোবাইল নম্বর দিয়ে এলাকার এক ব্যক্তি পোস্ট করায় বিভিন্ন স্থান থেকে আগ্রহ নিয়ে অনেকেই কল দিয়েছেন।

এছাড়া এলাকার মানুষেরাও এক নজর দেখতে এসেছেন। প্রায় সাড়ে ৫ ফুট উঁচু ওই কাঁদিতে ১৮ ছড়া কলা হয়েছে। যার ওজন হয়েছে ৩০ কেজি। প্রতি কেজি কলা তিনি ৫০ টাকা করে বিক্রি করেছেন।

এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা বলেন, ফেসবুকে ওই কলার কাঁদির ছবি দেখেছি। সাধারণত এত বড় কলার কাঁদি এ উপজেলায় দেখা যায় না। এটাকে অস্বাভাবিক বৃদ্ধি বলা যেতে পারে।