কেশবপুরে সবজির দাম কোনভাবেই কমছে না

19
কেশবপুরে সবজির দাম কোনভাবেই কমছে না

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরের হাটবাজারে ঝাল, পেঁয়াজের পাশাপাশি কাঁচা তরকারির দাম কম হচ্ছে না। আর এ কারণে সাধারণ ক্রেতাদের ভেতর অসন্তোষ বিরাজ করছে। সোমবার শহরের পুরনো গো-হাটার কাঁচা বাজারে আলু ৪০ টাকা, পেঁয়াজ ৮৫ টাকা, কাঁচা ঝাল ১৮০ টাকা, বেগুন ৪৫ টাকা, পটোল ৪৫ টাকা ও রসুন ১০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। আলু-পেঁয়াজের দাম না কমায় সাধারণ ক্রেতারা রয়েছেন বিপাকে।

কাঁচাবাজার ঘুরে জানা যায়, পাইকারী বাজারে পর্যাপ্ত আলু, পেঁয়াজের সরবরাহ কম থাকায় তা বেশি দামে খুচরা ব্যবসায়ীদের কিনতে হচ্ছে। বাজারে গোল আলু কেনার সময় উপজেলার মধ্যকুল গ্রামের আজিজুর রহমান বলেন, আলু, পেঁয়াজসহ তরিতরকারীর দাম কোনভাবেই কম হচ্ছে না। পুরনো গো-হাটার বাজার সমিতির সাংগঠনিক সম্পাদক অলিয়ার রহমান জানান, সকালে পাইকারি বাজার থেকে আলু ৩৮ টাকা, পেঁয়াজ ৮০ টাকা, কাঁচা ঝাল ১৬০ টাকা, বেগুন ৩৫-৪০ টাকা, পটোল ৪০ টাকা ও রসুন ৯০ টাকা কেজি দরে কিনতে হয়েছে। যে কারণে প্রতিটি মালে ২ থেকে ৫ টাকা কেজি প্রতি দাম বেশি চাওয়া হয়। অনেক সময় কেনা দামেও বিক্রি করতে হয়।