কেশবপুরে শীতকালীন সবজি বাজার

89

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি :
কেশবপুরে শীতকালীন সবজি বাজারে চলে আসলেও পাইকারি ও খুচরা বাজারে কমেনি দাম। কয়েক মাস ধরে যে চড়া দামে বিক্রি হচ্ছিল সবজি সে দাম এখনো বিদ্যমান। এরই মধ্যে বাজারগুলোতে শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করেছে। তবে দামের লাগাম এখনো উপরে।

সরকারের বেঁধে দেয়া আলুর দাম লক্ষ্য করা যায়নি খুচরা বাজারে। আলু বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরে। যদিও সরকারের নির্ধারিত দর ৩৫ টাকা। এ দামে কোথাও আলু বিক্রি করতে দেখা যায়নি। শীতের শুরুতে নতুন আলু চলে এসেছে বাজারে। প্রতি কেজি নতুন আলুর দাম ১২০ থেকে ১৪০ টাকা।সবজির বাজার ঘুরে দেখা যায়, ফুলকপি ও বাঁধাকপির আকার ভেদে দাম ৬০ থেকে ৭০ টাকা করে। প্রতি পিস লাউয়ের দাম ৪০-৫০ টাকা। শিম জাত ভেদে প্রতি কেজি ৮০ থেকে ১০০ টাকা বিক্রি হচ্ছে। বেগুন ৬০- ৭০ টাকা, মুলা ও বরবটির কেজি বিক্রি হচ্ছে মান ভেদে ৩৫ থেকে ৪৫ টাকা। কাঁকরোলের কেজি ৭০-৮০ টাকা, চিচিঙ্গা, শসা, ঝিঙে, ঢ্যাঁড়স ও পটোলের কেজি ৫০ থেকে ৬০ টাকা। কাঁচা মরিচ ৮০- ১০০ টাকা কেজি। গাজর ৮০-১০০ টাকা কেজি, কাঁচা কলার কেজি ৪০-৫০ টাকা, লেবুর হালি ৩০-৪০ টাকা।এ বছর অতিরিক্ত বৃষ্টির কারণে কয়েকমাস আগে থেকে সবজির দাম বৃদ্ধি পেতে থাকে। সাধারণ ক্রেতা থেকে শুরু করে ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা ধারণা করছেন শীতের শুরুতে সবজির উৎপাদন ও সরবরাহ বেশি থাকবে। তখন সবজির দাম কমে আসবে।