কেশবপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ সহোদর আটক

29
সাজাপ্রাপ্ত

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে স্কুল ছাত্র হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ সহোদরকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে উপজেলার ফতেপুর গ্রামের পরেশ উল্লাহ মোড়লের ৩ ছেলেকে গ্রেফতার করে শনিবার সকালে যশোর আদালতে প্রেরণ করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০০২ সালের ১৯ জুলাই সকালে জমিজমা সংক্রান্ত বিরোধে সাজাপ্রাপ্ত আসামীরা ফতেপুর গ্রামের শওকত আলী খানকে হত্যার চেষ্টা করলে তার পুত্র কেশবপুর পাইলট স্কুল এ্যান্ড কলেজের ১০ম শ্রেণির ছাত্র ওয়াহিদুজ্জামান পিতাকে রক্ষা করতে আসলে আসামীরা তার বুকে রড ঢুকিয়ে দিলে ঘটনা স্থলে তার মৃত্য হয়।

এ ঘটনায় শওকত আলী খান আসামীদের নাম উল্লেখ করে কেশবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যার নং-৯। দীর্ঘদিন মামলা চলার পর খুলনার বিশেষ দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালত স্বাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামীদের অনুপস্থিতে পরেশ উল্লাহ মোড়লের ৩ ছেলে লুৎফর রহমান (৫৩), আতিয়ার রহমান (৫০) ও মতিয়ার রহমানকে (৪৮) যাবজ্জীবন সাজা ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদন্ডের আদেশ প্রদান করেন। উল্লেখ্য, মামলা চলাকালীন মামলার বাদী শওকত আলী খান মৃত্যুবরণ করেন।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, দীর্ঘদিন পলাতক থাকার কারণে চলতি মাসের ১ তারিখে আদালত সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। শুক্রবার রাতে উপজেলার ফতেপুর গ্রামের পরেশ উল্লাহ মোড়লের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩ ছেলেকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাদের যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।