কেশবপুরে মোটরসাইকেল চালকের গলাকাটা লাশ উদ্ধার

110

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: 
কেশবপুরে দুর্বৃত্তরা ভাড়ায় চালিত এক মোটরসাইকেল চালক রাসেল হোসেন (২৬)কে কুপিয়ে হত্যা করেছে। মঙ্গলবার সকালে উপজেলার শ্রীপুর গ্রামের ডিপার মাঠের ধান খেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত সোমবার রাতে কেশবপুর পৌরসভার সাবদিয়া গ্রামের আব্দুল মাজিদের ছেলে রাসেল হোসেনের (২৬) ভাড়ায় চালিত মোটরসাইকেলে ডুমুরিয়া উপজেলার চুকনগর থেকে দু’জন যাত্রী ওঠেন। রাতে বাড়িতে রাসেল হোসেনের সাথে মোবাইলে কথা হলে জানায়- তাদেরকে নিয়ে ১৮ মাইল হয়ে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ির উদ্দেশ্যে যাচ্ছে। রাত ১২টার পর থেকে তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। সকালে তার লাশ উপজেলার শ্রীপুর গ্রামের ডিপার মাঠের ধান খেতে দেখতে পায় এলাকাবাসী। এছাড়া তার ব্যবহৃত মোটরসাইকেল গোপসানা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। 

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, মোটরসাইকেল চালক রাসেল হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে । এ ঘটনায় থানায় মামলা দায়ের হবে।