আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি : কেশবপুর উপজেলার ভালুকঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা খাতুন অন্যত্র বদলী হলেও যোগদান না করে বদলী ঠেকাতে ব্যস্ত সময় অতিবাহিত করছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় ওই স্কুলের অভিভাবক ও এলাকাবাসী তাহমিনা খাতুনের বিরুদ্ধে উপজেলা শিক্ষা অফিস বরারবর লিখিত অভিযোগ করেছেন।
জানা গেছে বিভাগীয় উপ-পরিচালক কর্তৃক গত ৩ অক্টেম্বর স্বাক্ষরিত চিঠিতে ভালুকঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা খাতুন কে বদলী করে বদলীকৃত কর্মস্থল পল¬ীমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগ দান করতে নিদের্শ দিলেও সে যোগদান না করে বদলী ঠেকাতে তদবীর করছে বলে অভিযোগ রয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত তাহমিনা খাতুন বহাল তবিয়তে ভালুকঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসাবে দায়িত্ব পালন করছে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক তাহমিনা খাতুনের মুঠোফোনে বক্তব্য নেওয়ার জন্য ফোন দেওয়া হলে সে ফোন রিসিভ করে বলে আমি তাহমিনা না বলে ফোন কেটে দেয়। এই ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মোঃ আকবর হোসেন জানান অবিলম্বে তার এই বদলীর আদেশ কার্যকর করা হবে।


