আজিজুর রহমান, কেশবপুর থেকে: কেশবপুরে পূর্ব শত্রুতার জের ধরে উভয় পক্ষের সংঘর্ষে মহিলাসহ ৪ জন আহত হয়েছে। এর মধ্যে ২ জনকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বাকি ২ জন স্থানীয় চিকিৎসা নিয়েছে। এঘটনায় কেশবপুর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানাগেছে উপজেলার শাহাপুর গ্রামের মৃত ইব্রাহীম শেখের ছেলে আকরাম শেখের সাথে একই গ্রামের খালেক শেখের ছেলে রবিউলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব শত্রুতা চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সকালে আকরাম শেখের স্ত্রী নাজমা বেগমের সঙ্গে রবিউলের স্ত্রী নাজমা খাতুনের কথা কাটা-কাটির এক পর্যায়ে উভয় পক্ষের সংঘর্ষ বেধে যায়।
সংঘর্ষে আহত হন আকরাম শেখ (৪৫) তার মেয়ে সাথী খাতুন (১৬) রবিউলের স্ত্রী নাজমা খাতুন (২৪) ও রাসেল শেখের স্ত্রী মরিয়ম বেগম (১৯)। এর মধ্যে সাথী খাতুন ও নাজমা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় আকরাম শেখ ও রফিকুল শেখ কেশবপুর থানায় পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করেছে বলে তারা জানান।



