আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে চেক জালিয়াতি মামলায় বিশিষ্ট এক ঘের ব্যবসায়ীসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা গেছে, গাজীপুর জেলার জায়দেবপুর থানার চেক জালিয়াতি মামলার এজাহার নামীয় আসামী সুলতান মোড়লকে গ্রেফতার পুর্বক নাম ঠিকানা যাচাই করার জন্য কেশবপুর থানায় অনুসন্ধান স্লিপ পাঠায়। অনুসন্ধান স্লিপ মোতাবেক শনিবার রাতে পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে কেশবপুর পৌর শহরের সাহাপাড়া এলাকার আবু তালেব মোড়লের ছেলে ঘের ব্যবসায়ী সুলতান মোড়লকে (৪০) পুরাতন বাসষ্ট্যান্ড থেকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে বায়সা এলাকার মাহাবুর রহমানের ছেলে কামরুল ইসলাম (২৫), আব্দুল মান্নানের ছেলে মোহাম্মদ আলী (১৯), সোলেমান সরদারের ছেলে ইয়াছিন সরদার (২২) গ্রেফতার করা হয়। একই অভিযানে অপর ৩ জনের ৩৪ ধারায় মামলা হয়েছে।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, গ্রেফতারকৃত ব্যক্তিদের রবিবার যশোর আদালতে প্রেরণ করা হয়েছে।



