কেশবপুরে কুকুরের কামড়ে ২১ জন আহত

30

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: কেশবপুরে শুক্রবার পাগলা কুকুরের কামড়ে ২ শিশুসহ ৩ জন আহত হয়েছে। কুকুরের কামড়ে আহতরা হল উপজেলার সুজাপুর গ্রামের অলিউল্লাহ (৮), শাহাপুর গ্রামের কারিমুল ইসলাম (৭) ও মির্জানগর গ্রামের কলেজ ছাত্র মুন্না (১৮)। গত ১২ দিনে উপজেলার বিভিন্ন গ্রামের ২১ নারী, পুরুষ ও শিশু কুকুরের কামড়ে আহত হয়। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি বছর কেশবপুর উপজেলায়, কুকুরের কামড়ে ২৬৯, বিড়ালে ১৫৯, হনুমানে ১৯, বাদুড়ে ১, শিয়ালে ১, বানরে ১, খরগোশে ১ এবং কুকুরের কামড়ে আক্রান্ত গরুর কামড়ে ১ জন আহত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা গ্রহণ করেছে। উল্লেখ্য, কেশবপুর পৌর শহরসহ উপজেলার ১১টি ইউনিয়নে বেওয়ারিশ কুকুর দলবদ্ধ ভাবে ঘোরাঘুরি করতে দেখা যায়। এছাড়াও খাদ্য অন্নেষণে পৌর শহরসহ শহরতলিতে কালোমুখো হনুমান দলবদ্ধ ভাবে মানুষের বাড়ি ঘরেও হানা দিচ্ছে। শহরের বিভিন্ন দোকানিরা জানায়, প্রায়ই হনুমানের দল দোকান থেকে পাউরুটি, কলা, বিস্কুট ছিড়ে নিয়ে দৌড়ে পালিয়ে যায়। এমনকি পথচারীদের কাছ থেকেও খাদ্য খাবার ছিনিয়ে নেয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ আবু শাহীন জানান, আক্রান্তদেরকে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা প্রদান করা হয়েছে। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে মনিটরিং করা হচ্ছে আক্রান্তদের সম্পর্কে।