কেশবপুরে এক মাস পর আবারও করোনা রোগী শনাক্ত

37
করোনাভাইরাস
করোনাভাইরাস

আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি: কেশবপুরে টানা এক মাস পর করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এতে করে এ উপজেলার মানুষের মাঝে নতুন করে আবারও করোনা আতঙ্ক দেখা দিয়েছে।
গত ১২ সেপ্টেম্বর সর্বশেষ এ উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়। এই সময়ের মধ্যে ৭২ জনের নমুনা পরীক্ষায় গত ১৩ ও ১৪ অক্টোবর ২ জনের দেহে করোনা শনাক্ত হয়। কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোববার এ তথ্য নিশ্চিত করেছে।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানকারী গৌতম কুমার দাস জানান, গত ৩১ মার্চ এ উপজেলায় প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। সে থেকে এ পর্যন্ত ১০১৬ জনের নমুনা পরীক্ষায় ২৪০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। যার মধ্যে ২৩৫ জন ইতিমধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। ২ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন এবং ৩ জন মারা গেছেন। চিকিৎসা সেবা দিতে গিয়ে এ পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৪৯ জন স্টাফ করোনায় আক্রান্ত হয়েছিলেন।

বর্তমানে তারা সকলেই সুস্থ হয়ে পুনরায় রোগীর সেবায় ফিরে এসেছেন।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন জানান, সর্বশেষ গত ১২ সেপ্টেম্বর এ উপজেলায় করোনা রোগী শনাক্ত হয়েছিল। এরপর বিগত এক মাসে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে ৭২ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে গত ১৩ অক্টোবর সদর ইউনিয়নের মাগুরাডাঙ্গা গ্রামের এক যুবক (৩৫) ও ১৪ অক্টোবর রাজনগর বাকাবর্শী গ্রামের একজন গৃহিণীর (৩৫) দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। বর্তমানে যে ২ জন করোনা আক্রান্ত রয়েছেন তাদের বাড়ি লকডাউন করা হয়েছে এবং আক্রান্তদের হোম আইসোলেশনে সার্বিক তত্ত্বাবধানে রেখে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।