কেশবপুরে অবৈধ জামান ব্রিকসের ৯ শ্রমিককে ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

24

আজিজুর রহমান, কেশবপুর (যশোর) প্রতিনিধি: জেলা প্রশাসকের আদেশ অমান্য করে কেশবপুর পৌর শহরের অবৈধ জামান ব্রিকসের কার্যক্রম পরিচালনা করায় ভ্রাম্যমান আদালত ৯ জন শ্রমিককে কারাদন্ড দিয়েছেন।

জানা গেছে হাইকোর্ট ও জেলা প্রশাসকের নির্দেশে গত ১৫ নভেম্বর বৃহস্পতিবার যশোর জেলা ম্যাজিস্ট্রেট এ কেএম নওশাদ ও কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানূর রহমান ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অবৈধ জামান ব্রিকস, উপজেলার কাস্তা-বারুইহাটির রোমান ব্রিকস ও সাতবাড়িয়া বাজারের সুপার ব্রিকসের কার্যক্রম বন্ধ করে দেন।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, জেলা প্রশাসকের আদেশ অমান্য করে কার্যক্রম অব্যহত রাখায় মঙ্গলবার ভ্রাম্যমান আদালত জামান ব্রিকসে অভিযান চালায়। এসময় ভাঁটা মালিক মমতাজ বেগমসহ অন্যরা পালিয়ে গেলেও ভাঁটার ৯ জন শ্রমিককে আটক করে ৭ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইনামুল হক। কারাদন্ডপ্রাপ্তরা হলো উপজেলার বরনডালি গ্রামের কামরুজ্জামান (২৮), শেখপুরা গ্রামের বাদশা (২৪), বিল্লাল হোসেন (২৮), আজিবর সরদার (৪৮), আজিবর শেখ(২৬), ওজিয়ার মোড়ল (৩৯), মারুফ দফাদার (২৬), জুলমত মোড়ল (৩৪), ভোগতি গ্রামের আব্দুল কাদের (৫০)।