অবৈধ জীবাণুনাশক কারখানায় হাজির ভ্রাম্যমাণ আদালত

36
Illegal disinfectant factory

অনলাইন ডেস্ক: সাভারে অনুমোদনহীন ও নিম্মমানের হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন ধরনের জীবাণুনাশক উৎপাদন কারখানায় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে হ্যান্ড স্যানিটাইজার ও জীবাণুনাশক তৈরি এবং সরবরাহ করার দায়ে এক প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানাসহ কারখানা সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়েছে।

সোমবার দুপুরে সাভারের হেমায়েতপুর হরিণধরা এলাকায় ‘ইয়ামানা কেমিক্যালস লিমিটেড’ নামক প্রতিষ্ঠানে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহফুজ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মহফুজ জানান, কিছুদিন আগে জীবাণুনাশক কিনতে গিয়ে এই নকল পণ্যের বিষয়টি তার নজরে আসে। সন্দেহ হলে খোঁজ নিয়ে জানতে পারেন প্রতিষ্ঠানটি অনুমোদনহীন হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ডওয়াসসহ বিভিন্ন ধরনের নকল জীবাণুনাশক তৈরি করে সাভারের বিভিন্ন দোকানে সরবরাহ করে আসছিল। এরই ধারাবাহিকতায় সোমবার এই প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে।

তিনি আরও জানান, জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করাসহ কারখানা সিলগালা করা হয়েছে।