অবুঝ ২ শিশুর মাকে জামিনে মুক্তির নির্দেশ হাইকোর্টের

42
হাইকোর্ট
হাইকোর্ট

অনলাইন ডেস্ক: পুরান ঢাকার অবুঝ দুই শিশুর মাকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। চুরি ও মারধরের অভিযোগে নানির করা মামলায় শিশুদের মাকে মুক্তির নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের বাবাকে কেন জামিন দেয়া হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন।‘আদালতের বারান্দায় দুই শিশুর কান্না, বিচারের বাণী কাঁদল নিভৃতে’ শিরোনামে মঙ্গলবার একটি প্রতিবেদন প্রচার করে একটি বেসরকারি টেলিভিশন।

সুপ্রিমকোর্টের আইনজীবী মনিরুজ্জামান আসাদ, শিশির মনির ও কুমার দেবুল দে প্রতিবেদনটি হাইকোর্টের নজরে আনেন। পরে অ্যাডভোকেট শিশির মনির বলেন, আদালত শুনানি নিয়ে শিশু দুটির মাকে জামিনে মুক্তির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি শিশু দুটির বাবার জামিনের বিষয়টি বিচারিক আদালতকে বিবেচনা করতে বলেছেন।

তিনি বলেন, হাইকোর্টের আদেশের সঙ্গে সঙ্গে আমরা ঢাকার সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট আদালতের সঙ্গে যোগাযোগ করেছি। ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ জানিয়েছেন, উচ্চ আদালতের নির্দেশে দুই শিশুর মাকে মুক্তি দিতে ব্যবস্থা নেয়া হচ্ছে।

ওই প্রতিবেদনে বলা হয়, শিশু দুটির নানি মোমেনা বেগম পারিবারিক কলহের জেরে নিজের মেয়ে ওয়াসিমা বেগম ও জামাতা তোফায়েলের বিরুদ্ধে চুরি এবং মারধরের অভিযোগে বংশাল থানায় মামলা করেন। এ মামলায় তারা গ্রেফতার হয়ে গত শুক্রবার থেকে কারাগারে আছেন।

এ অবস্থায় আড়াই বছরের শিশু ইয়াসিন ও সাড়ে তিন বছরের টুম্পাকে দেখার কেউ নেই। মঙ্গলবার শিশু দুটিকে নিয়ে জামিনের জন্য ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন প্রতিবেশীরা। কিন্তু আদালত শিশুদের বাবা-মাকে জামিন দেননি বলে জানানো হয় ওই প্রতিবেদনে।