নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় অধ্যক্ষ জহুরুল ইসলামকে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করায় তার সমর্থনকারীরা তাকে নিয়ে ফেসবুকে বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছেন। গত কয়েকদিন যাবৎ এভাবে অভিনন্দন জানানো হচেছ।
গত ০৯ জুলাই বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হকের প্রস্তাবনায় অধ্যক্ষ জহুরুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়। জহুরুল ইসলাম বর্তমানে মান্দা গোটগাড়ী শহীদ মামুন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে ছিলেন।
জানা গেছে, গত ৬ জুলাই মান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা স.ম জসিম উদ্দিন করোনার উপসর্গ নিয়ে মারা যান। তিনি মারা যাওয়ায় এই পদ শূন্য হয়।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গোটগাড়ী শহীদ মামুন সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ জহুরুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার উপজেলা দলীয় কার্যালয়ে এক শোক সভায় আমাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়।
মান্দা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোল্লা এমদাদুল হক বলেন, জহুরুল ইসলাম গত ১৫ বছর ধরে যুগ্ম সাধারণ সম্পাদকের পদে আছেন। যুগ্ম সাধারণ সম্পাদক আরেকজন যিনি আছেন; তিনিও সরকারি চাকরি করেন এবং রাজশাহীতে থাকেন। সেহেতু দলটা পরিচালনা করতে জরুরি ভিত্তিতে অস্থায়ীভাবে জহুরুল ইসলামকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে।



