আওয়ামী লীগ সরকার আবারও ক্ষমতায় থাকার জন্য ডিজিটাল ফর্মুলা বাস্তবায়ন শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় ঠাকুরগাঁওয়ে তিন দিনের নির্বাচনীয় প্রচার শেষে প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমার নিজ নির্বাচনী এলাকায় আসার প্রথম দিন গুনবাড়ি দানারহাট এলাকায় গাড়িবহরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ওই হামলায় ৫-৬টি গাড়ি ভাঙচুর ও ১০ নেতাকর্মী আহত হন।
নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখার জন্য কোনো উসকানিতে পা না বাড়াতে বিএনপি কর্মীদের পরামর্শ দেন তিনি। এ হামলার ঘটনায় জেলা রিটার্নিং অফিসারকে তদন্তসাপেক্ষে ব্যবস্থাগ্রহণের অনুরোধ জানাই।
ওই দিনের ঘটনায় বিএনপির ৫৭ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে আওয়ামী লীগ। আবার আইনশৃঙ্খলা বাহিনী একজনকে আটকও করেছে। এর মাধ্যমে সরকার প্রমাণ দিল-যারাই হামলা করল, আবার তারাই মামলা করল।
তিনি আরও বলেন, সব দল যখন সরকার পতন করতে ঐক্যবদ্ধ হয়েছে, তখন নির্বাচন বানচালের পাঁয়তারা শুরু করেছে আওয়ামী লীগ।
সরকার ইতিমধ্যে বিএনপির গণজোয়ারে হতাশ হয়ে পড়েছে। তাই দলীয় ও প্রশাসনকে ব্যবহার করে নির্বাচন বানচাল করার পরিকল্পনা বাস্তবায়ন করছে তারা বলেন বিএনপি মহাসচিব।
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো উসকানিতে পা দেবেন না। আমরা নির্বাচনে যাব এবং শেষ মুহূর্ত পর্যন্ত দেখব। জাতির এই কঠিন সংকটে নির্বাচনই হচ্ছে একমাত্র পথ, যার মাধ্যমে আমরা পরিবর্তন আনতে পারি।
এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহসভাপতি পয়গাম আলীসহ জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



