বিনোদন ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এখন প্রযোজক খরায় ভুগছে। ফলে চলচ্চিত্র নির্মাণ নেমে এসে মাসে দুই বা একটির কোঠায়। ঠিক এই নিয়মিত চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়ে যাত্রা শুরু হলো ‘সিনেবাজ ফিল্মস’ নামে নতুন প্রযোজনা সংস্থা।
শনিবার (২৭ এপ্রিল) রাজধানীর এক অভিজাত রেস্তোঁরায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে নতুন এই প্রযোজনা প্রতিষ্ঠানের যাত্রা শুরু হলো। প্রতিষ্ঠানটির শুভলগ্নে জানানো হলো, প্রতি বছর চারটি করে নতুন চলচ্চিত্র উপহার দেবে সিনেবাজ। রোমান্টিক, অ্যাকশন থ্রিলার, কমেডি, বায়োপিকসহ সকল ধরনের চলচ্চিত্রই নির্মাণ হবে এ প্রতিষ্ঠান থেকে।
সিনেবাজ ফিল্মসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) থাকছেন শাম ইসলাম, চেয়ারপার্সনের দায়িত্বে জোৎস্না ইসলাম, ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে নির্মাতা ইফতেখার চৌধুরী, এবং স্বাধীন খসরু থাকছেন ডিরেক্টর অব কমিউনিকেশন হিসেবে। অন্যদিকে মিউজিক ডিরেক্টর হুমায়ুন থাকবেন মিউজিক সুপারভাইজার হিসেবে। শনিবারের অনুষ্ঠানে এদের সবার সঙ্গেই পরিচয় করিয়ে দেয়া হয়।
প্রতিষ্ঠানটির ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে নির্মাতা ইফতেখার চৌধুরী। যিনি এর আগে ‘খোঁজ : দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন ইফতেখার চৌধুরী। এরপর তিনি ‘দেহরক্ষী’, ‘অ্যাকশন জেসমিন’, ‘ওয়ান ওয়ে’, ‘বিজলী’ পরিচালনা করে প্রশংসিত হয়েছেন। তিনি বলেন, সিনেবাজ মাল্টিন্যাশনার কোম্পানি। বাংলা চলচ্চিত্র অস্কার ও কান জিতে আসুক এটা আমাদের সবার চাওয়া। সে জন্য অবশ্যই ছবির গল্প, ও মেকিং উন্নত থাকতে হবে। বর্তমানে আমাদের দেশে এমন মানের ছবি কম নির্মাণ হচ্ছে। যে ছবি শুধু দেশে নয়, দেশের বাইরেও মুক্তি দিতে পারবো তেমন ছবিই বানাতে চায় সিনেবাজ। আমাদের প্রথম প্রজেক্ট হবে পিকনিক ও বিফোর ডন। এই ছবি দুটির মাধ্যমেই সিনেবাজ যাত্রা শুরু করবে।
সিনেমাবাজের অফিসিয়াল যাত্রায় শুভ কামনা জানাতে এসেছিলেন চিত্রনায়ক ও এমপি ফারুক। আরও আসেন নায়ক ইলিয়াস কাঞ্চন, বাপ্পি চৌধুরী, রোশান ও চিত্রনায়িকা ববি ও জলি।
অনুষ্ঠানে নিজের বক্তব্যে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শাম ইসলাম বলেন,‘আমি দেশে থাকিনা। বিদেশে থাকি। আর আমরা যারা বিদেশে থাকি তাদের দেশের প্রতি অন্যরকম ভালোবাসা কাজ করে। সেই ভালোবাসা থেকেই আমরা চাই বাংলাদেশ সবদিক থেকে এগিয়ে যাক। আমরা চাই বাংলা চলচ্চিত্র তার সোনালী দিন আবার ফিরে আসুক। এ চাওয়া থেকেই চলচ্চিত্রে প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা। আমাদের এ দেশে অনেক মেধাবি অভিনয়শিল্পী রয়েছেন। তাদের নিয়ে গুণগত মানের সিনেমা নির্মাণ করবো আমরা। আশা করি সবাই সিনেবাজের সঙ্গে থাকবেন।



