সাতকানিয়ায় বন্য হাতির আক্রমনে অটো চালকের মৃত্যু

157

আব্দুল ওয়াহাব, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সাতকানিয়ায় বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে এক টমটম চালক নিহত হয়েছে। তাঁর নাম নেছার আহমদ (৫৫)। এই সময় আহত হয়েছেন নিত্যলাল জ্বলদাশ(৫৬)।

৬ই ডিসেম্বর রোববার রাত সাড়ে ৮টার দিকে সাতকানিয়া উপজেলার পশ্চিম বাজালিয়া নাসিরের দোকান এলাকায় হাতির আক্রমণের এ ঘটনা ঘটে।

বাজালিয়া ইউপি সদস্য আনোয়ার হোসেন জানান, ঘটনারদিন রাত ৮টার দিকে ৮/১০টি বন্যহাতির একটি দল চন্দনাইশের লালুটিয়া-দিয়াকুল হয়ে শঙ্খনদী পার হয়ে সাতকানিয়ার পশ্চিম বাজালিয়ার লোকালয়ে হানা দেয়।

এদিকে ধর্মপুর ইউনিয়নের চাঁদেরপাড়ার মৃত বাচা মিয়ার পুত্র ব্যাটারী চালিত (টমটম) চালক নেছার আহমদ নাছিরের দোকান এলাকায় মোবারকের বাড়িতে রিক্সশা চার্জে দিয়ে বাড়ি ফিরছিলেন।এসময় বন্যহাতির সামনে পড়লে একটি হাতি তাকে প্রথমে শুঁড় দিয়ে আঘাত করে পরে পা দিয়ে চাপা দেয়। হাতির দল চলে যাওয়ার পর তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে ঘটনার কিছুক্ষণ পর বন্যহাতির দলটি ধর্মপুরের ঈশ্বর বাবুর হাট এলাকার জলদাশপাড়ায় হানা দেয়।

এসময় বন্যহাতির আক্রমণে জলদাশপাড়ার মৃত নিবারণ জলদাশের পুত্র নিত্যলাল জলদাশ (৫৭) গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে হাতি চলে গেলে তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়া রেঞ্জের আওতাধীন বাজালিয়া বড়দুয়ারা বনবিট কর্মকর্তা সিকদার আতিকুর রহমান জানান, রাতে চন্দনাইশের দোহাজারীর লালুটিয়া হয়ে বন্যহাতির একটি দল সাতকানিয়ার বাজালিয়া এলাকায় আসে। সেখানে হাতির পায়ের নীচে পিষ্ট হয়ে একব্যক্তি মারা গেছেন। অপর একজন আহত হয়েছেন। হাতির দলটি এখনো রোববার রাত ১০টায় বাজালিয়া এলাকায় অবস্থান করছে। হাতির পায়ের নীচে পিষ্ট হয়ে নিহত ও আহতের পরিবারকে সরকারিভাবে সহায়তা প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।