মোহাম্মদ মাজহারুল ইসলাম খান, মানিকগঞ্জ প্রতিনিধিঃ শিবালয়ে বাংলাদেশের কিংবদন্তি মহা পুরুষ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী-শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা প্রশাসন এ মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করে।
২৫ মে-শনিবার মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় “নজরুল চেতনায় বঙ্গবন্ধুর বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে কন্ঠে ধারণ করে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২০তম জন্ম বার্ষিকী পালন করা হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সকাল থেকেই কবিপত্নী প্রমিলা দেবীর জন্মস্থান তেওতা গ্রামে নজরুল-প্রমিলা মাঞ্চে কবি প্রেমী-ভক্ত ও অনুরাগীদের ভীড় জমতে থাকে। অংশ গ্রহণ করতে থাকে বিভিন্ন শিক্ষাঙ্গনের শিক্ষক-শিক্ষার্থী, সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, নজরুল প্রেমী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগন।
পরে কবির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পন করা হয়। বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। আয়োজন করা হয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। সাংস্কৃতিক অনুষ্ঠানে হামদ, নাতে রাসূল, ইসলামী গজল ও কবিতা আবৃত্তি করা হয়। হয় রচনা প্রতিযোগীতা। প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সম্মাননা প্রদান করা হয় বিশিষ্ট কবি- সাহিত্যিকদের মাঝে।
অনুষ্ঠানে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা- এ.এফ.এম. ফিরোজ মাহমুদের সভাপতিত্বে জেলা প্রশাসক এস.এম. ফেরদৌস প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নজরুল গবেষক- নিরঞ্জন অধিকারী ও নজরুল ইনস্টিটিউটের উপ-পরিচালক- কবি রেজাউদ্দিন স্টালিন। আরো উপস্থিত ছিলেন নজরুল গবেষক- ড. সুলতানা আক্তার, কৃষিবিদ- রফিকুল ইসলাম চৌধুরী, এম.এ. মোন্নাফ খান, শিবালয় প্রেসক্লাবের সভাপতি- বাবুল আকতার, আতিকুর রহমান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান- আব্দুল কাদের প্রমূখ।
আলোচনা সভায় বক্তাগণ বলেন, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনা-বোধের জ্যোতির্ময় এক মহান পুরুষ। তাই বঙ্গবন্ধুও তাঁকে অনেক ভালোবাসতেন। বঙ্গবন্ধু ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের আদর্শকে বুকে লালন করে আমাদেরকেও এগিয়ে যেতা হবে। জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল মানুষকে ভালোবেসে সৌভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে হবে। তবেই মানব জীবন হবে সত্য ও সুন্দর।



