মরিয়ম নওয়াজের তদন্ত ঘিরে লাহোরে তোলপাড়

30

অনলাইন ডেস্ক: পাকিস্তান মুসলিম লীগের (পিএমএলএন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজের মামলার তদন্ত কেন্দ্র করে দেশটির জাতীয় জবাবদিহিতা ব্যুরোর (এনএবি) লাহোর অফিসের বাইরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তার উপস্থিতিতিকে ঘিরে ওই এলাকাকে রেড জোন ঘোষণা করা হয়েছে। শুক্রবার অর্থপাচার এবং অবৈধ উপায়ে জমি অধিগ্রহণের তদন্তে এনএবি’র মুখোমুখি হবেন তিনি। এ জন্য বৃহস্পতিবার থেকে ওই এলাকাকে রেড জোন ঘোষণা করেছে পুলিশ।

ডনের খবরে বলা হয়, এদিন মরিয়ম নওয়াজ ছাড়া অন্য কাউকে ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না। রেঞ্জার ও পাঞ্জাব পুলিশ এনএবি ভবন ও আশপাশের এলাকাকে নিরাপদ করবে।

এনএবি অফিসে উপস্থিত হয়ে অর্থপাচার এবং অবৈধ উপায়ে জমি অধিগ্রহণ বিষয়ে নিজের বক্তব্য দেবেন মরিয়ম।

এ উপলক্ষ্যে এনএবির প্রাদেশিক প্রধান কার্যালয়ের বাইরে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ উপস্থিতির সিদ্ধান্ত নিয়েছে তার দল। ফলে এনএবি সরকারের কাছে নিরাপত্তা সহায়তা চেয়েছে। তাদের শঙ্কা, এনএবির লাহোর অফিসে হামলার ষড়যন্ত্র করা হচ্ছে।