বিশুদ্ধ পানি এবং গো খাদ্যের তীব্র সংকটে মান্দার বন্যাকবলিতরা

29
বিশুদ্ধ পানি এবং গো খাদ্যের তীব্র সংকটে মান্দার বন্যাকবলিতরা

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় বন্যা পরিস্থিতি অবনতি । উজান থেকে নেমে আসা এবং গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে মান্দার আত্রাই নদীর মূলবাঁধ এবং বেরিবাঁধসহ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মোট ৭ টি স্থানে ভেঙে যায়। বন্যার পানিতে মান্দা উপজেলার নুরুল্যাবাদ এবং বিষ্ণপুর ইউপির প্রায় কয়েক হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে । এতে প্রায় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এছাড়াও মান্দা উপজেলার শত -শত পুকুর ডুবে গেছে। এতে পুকুর থেকে প্রচুর মাছ বেরিয়ে গেছে। ফলে মাছচাষিদের কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।

আত্রাই নদীর কোথাও কোথাও পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বিভিন্ন উপজেলায় নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধের অন্তত ৪০টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। এ দিকে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা শুরু হয়েছে। তবে প্রয়োজনীয় তুলনায় ত্রাণ খুবই অপ্রতুল বলে জানা গেছে।

বর্তমানে অসহায় পরিবারগুলো বাঁধে আশ্রয় নিয়েছে। বন্যার কারণে এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। নলকূপের গোড়া পর্যন্ত ডুবে থাকায় খুব কষ্ট করে পানি সংগ্রহ করে পানিবন্দিদের পানি খেতে হচ্ছে । এলাকা ডুবে থাকায় প্রসাব ও পায়খানার সমস্যার মধ্যে পড়েছে পানিবন্দিরা। এছাড়া গো-খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। সারাদিন গরু-ছাগলকে সামান্য পরিমাণ খড় ও গাছের লতাপাতা খেতে দেয়া হচ্ছে। এদিকে ফসলের ক্ষেত ডুবে যাওয়ায় কৃষকরা আতঙ্কিত হয়ে পড়েছেন।