মোঃ নয়ন হোসাইন, পীরগঞ্জ প্রতিনিধিঃ পীরগঞ্জ উপজেলা জুড়ে মনোমুগ্ধকর শিমুলের গাছ কালের বিবর্তনে হারিয়ে গেছে। একসময়ের এই শোভা বর্ধনশীল শিমুল গাছের লাল টকটকে ফুল দেখলেই যেন প্রাণ জুড়িয়ে যেত গ্রাম বাংলার মানুষের। সবুজ প্রকৃতির মাঝে জাদুকরি ছোঁয়ায় গজিয়ে উঠা এসব শিমুলের গাছে হাজার পাখির ভিড় জমতো প্রতিটি সকালে।
কিন্তু সামপ্রতিক সময়ে শিমুলের মুগ্ধতা হারিয়েছে পীরগঞ্জ উপজেলার মানুষ। গত ১০ থেকে ১২ বছর আগেও বহু শিমুল গাছ ছিল এ উপজেলার বিভিন্ন জায়গায়। কিন্তু আজ আর নেই। যদিও দুএকটি দেখা যায় তাও আবার শিমুল ফুল ফোঁটে না। তাই অনেক শিশুই বলতে পারছেনা শিমুল ফুল কি রকম দেখতে। কবি সাহিত্যিকরা বহু কবিতা, গান ও গল্প রচনা করেছেন শিমুল ফুলকে নিয়ে। এছাড়া শিমুলের তুলা দিয়ে লেপ, তোষক, বালিশসহ নানান কিছু তৈরি করা হয়ে থাকে। কিন্তু শিমুল গাছ কমে যাওয়ায় বাজারে স্বাস্থ্যসম্মত তুলার অভাব দেখা দিচ্ছে । শিমুলের মুগ্ধতা হারিয়ে ফেলা মানুষগুলি এখন একত্র হলেই শোভা বর্ধনশীল শিমুল ফোঁটা দিনগুলোর কথা মনে করে। উপজেলার একজন কবিতা প্রিয় মানুষ সাবেক ইউপি চেয়ারম্যান রনজিত কুমার রায় বলেন, আমার খুবই প্রিয় ফুলের একটি শিমুল।
বিলিন হয়ে যাচ্ছে এ প্রজাতির গাছটি। আগে অবাক হয়ে তাকিয়ে থাকতাম। লাল ফুলে রাঙিয়ে দিত প্রতিটি ডালপালা আহ্ আজ কোথায় গেল সে গাছ! অনেকে মনে করছেন হয়তো প্রকৃতিগত কারণে বিলিন হয়ে যাচ্ছে এসব গাছ। মানুষের করা দূর্ষণের শিকার হয়ে প্রকৃতি আজ অনেকটাই মরমরে।



