নাজমুুল হাসান, সিরাজগঞ্জঃ দেশীয় পণ্যের আন্তর্জাতিক প্রসার ও ব্যবসার ক্ষেত্র তৈরির জন্য পররাষ্ট্রমন্ত্রী জনাব এ কে আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এফবিসিসিআই এর পরিচালক এবং সিরাজগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা সভাপতি মিসেস শারিতা মিল্লাত সিআইপি সহ ঢাকা উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিসেস নাজ ফারহানা আহমেদ, সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি স্বর্ণালতা রায়, সুনামগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিসেস হুসনা হুদা, রংপুর উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিসেস আনোয়ারা ফেরদৌসী পলি, সুনামগঞ্জ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নারী সদস্য ইস্পাহানী বেগম সহ অন্যান্য নারী উদ্যোক্তাগণ।
১১ নভেম্বর, বুধবার পররাষ্ট্র মন্ত্রনালয়ে অনুষ্ঠিতি বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জনাব এ কে আব্দুল মোমেনের সাথে দেশীয় বিভিন্ন শিল্পের প্রসার ও বিদেশে রপ্তানি বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন নারী উদ্যোক্তাগণ।
দেশীয় পণ্যের মধ্যে শীতল পাটি, চটের টাই, তাঁত শিল্প, বেত শিল্প সহ দেশীয় চাহিদাসম্পন্ন সকল পণ্যসমূহ বিদেশে অবস্থিত বাংলাদেশী দূতাবাসের মাধ্যমে বিদেশে রপ্তানির ক্ষেত্র তৈরি করে দেশীয় অর্থনীতিতে নতুন দিক উন্মোচন করার প্রস্তাব রাখেন মিসেস শারিতা মিল্লাত। যে সমস্ত দেশীয় পণ্যের বিদেশে যথেষ্ট চাহিদা আছে, সেগুলো আরও বেশি রক্ষণাবেক্ষণ ও উৎপাদনের মাধ্যমে দেশে আরও অধিক কর্মসংস্থানের বিষয় গুলো পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রস্তাব করেন নারী নেতৃবৃন্দরা।
এছাড়া বিদেশের মাটিতে বিভিন্ন প্রদর্শনীতে দেশীয় পণ্য সমূহের প্রদর্শনীর মাধ্যমে পণ্যের চাহিদা বিস্তার ও প্রচারের প্রস্তাবও রাখেন নারী নেতৃবৃন্দরা। আন্তর্জাতিক ব্যবসায়িক সম্পর্কের সাথে দেশের বেকারত্ব দূরীকরণেও দেশীয় শিল্প গুলো অগ্রণী ভূমিকা রাখবে বলে জানান তারা।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী জনাব এ কে আব্দুল মোমেন বলেন, দেশীয় পণ্যের আন্তর্জাতিক চাহিদা বাড়ানোর লক্ষ্যে সরকারও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বদ্ধপরিকর। নারী নেত্রীদের এই সময়োপযোগী উদ্যোগ ও প্রচেষ্টাকে সাধুবাদ জানান তিনি। সরকারের সাথে আলোচনা করে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাসও প্রদান করেন।


