শাকিব খানকে নিজের করে পাওয়ার জন্য উদগ্রীব দুই নায়িকা নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত। কিন্তু কে পাবেন তাকে? শেষ পর্যন্ত কার প্রেমের তরীতে উঠবেন শাকিব? এমন প্রশ্ন নিয়েই নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘শাহেন শাহ’। শামীম আহমেদ রনি পরিচালিত ছবিটির শুটিং শেষের পথে। ফেব্রুয়ারির মধ্যেই ছবিটির শুটিং শেষ হবে বলে জানালেন পরিচালক।
মজার বিষয় হচ্ছে, পুরো ছবির শুটিংই হচ্ছে বাংলাদেশে। অনেক টাকা ব্যয় করে এফডিসিতে নান্দনিক সেট বানিয়ে শুটিং করা হচ্ছে । তবে গতানুতিক সেট নয়, সেটগুলো এমনভাবে তৈরি করা হচ্ছে দর্শকরা বুঝতেই পারবেনা আসলে কোথায় শুটিং করা হয়েছে ছবিটি। পাওয়া যাবে বিদেশি লোকেশনের আবহ। এমনটিই জানিয়েছেন পরিচালক রনি।
ছবিটি নিয়ে সমকাল অনলাইনকে শামীম আহমেদ রনি বলেন, ‘এফডিসি, আফতাবনগর, পূবাইলে বিশাল আয়োজন ও সেট নির্মাণ করে ‘শাহেনশাহ’ ছবির কাজ হয়েছে। ইতোমধ্যে ৭৫ শতাংশ কাজ শেষ হয়েছে। এখন গানের শুটিংয়ের পরিকল্পনা চলছে। গানের জন্য ভারত থেকে কোরিওগ্রাফার আনা হচ্ছে। শিগগিরই গানেরও শুটিং করবো।’
ছবিটিতে শাকিবের দুই নায়িকা ফারিয়া ও রোদেলা। দুই নায়িকাই প্রথমবার শাকিবের বিপরীতে কাজ করছেন। ছবিতে একজনের নাম লায়লা অন্যজনের প্রিয়া।
অপরদিকে এ ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিশেক হচ্ছে রোদেলার। তাই স্বভাবতই অন্য রকম এক উচ্ছাস কাজ করছে তার মধ্যে।
সমকাল অনলাইনকে রোদেলা বলেন, ‘প্রথমবার চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। নায়ক হিসেবে পেয়েছি দেশের একজন সুপারস্টারকে। অন্যরকম এক অভিজ্ঞতা হচ্ছে। অনেক কষ্টও হচ্ছে। নিজের চরিত্রটিকে ভালোভাবে ফুটিয়ে তুলতে নিয়মিত গ্রুমিং করেছি। মোট কথা অনেক কষ্ট করছি প্রথম কাজটির জন্য। আশা করি ভালো কিছু হবে। আমার আগামীর পথ চলাটা সহজ হবে।’
শাকিব খান, নুসরাত ফারিয়া ও রোদেলা জান্নাত ছাড়াও ‘শাহেনশাহ’ ছবিতে অভিনয় করছেন মিশা সওদাগর, উজ্জ্বল, আহমেদ শরিফ, অনুভব মাহবুব, লিটন হাসমি প্রমুখ।
ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। এর ডিজিটাল কনটেন্ট পার্টনার হিসেবে থাকছে লাইভ টেকনোলজিস। আগামী বছর কোন এক উৎসবে ‘শাহেনশাহ’ মুক্তি পাবে বলে জানান পরিচারক শামীম আহমেদ রনি।



