মোঃ মামুন হোসেন : নগরঘাটায় ডাকাতি চেষ্টা রুখে দিয়েছে গ্রামবাসী। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা ধানদিয়া চৌরাস্তা সড়কের ঈদগাহ নামক স্থানে। এ ঘটনায় গ্রামবাসীরা রয়েছে আতঙ্ক উৎকন্ঠার মধ্যে। সবার ধারনা রমজান মাসে তারাবি নামাযের পরে সবাই যে সময় বাড়িতে অবস্থান করে ঠিক তখনই হানা দিয়েছিল একদল ডাকাত। ডাকাতরা রাস্তায় গাছের ডাল, গুড়ি ও বস্তা ফেলে রাস্তা অবরোধ করে রাখে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে ১০ দিকে ডাকাতদল হানা দেয় উপজেলার নগরঘাটা গ্রামের ঈদগাহ মাঠ নামক স্থানে। ডাকাতের উপস্থিতি টের পেয়ে গ্রামের হাট বাজারে প্রচার হয়ে গেলে গ্রামবাসী একযোগে লাঠিসোটা নিয়ে বের হয়। তাদের এ অবস্থা বুঝতে পেরে ডাকাতরা সেখান থেকে শটকে পড়ে। এ সময় আশপাশের মাঠে খোজাখুজি করে কাউকে ধরতে পারেনি গ্রামবাসী।

সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাঈমসহ এলাকাবাসী রাস্তায় পড়ে থাকা মাটিভরা বস্তা, গাছের ডাল ও গুড়ি সরিয়ে রাস্তা চলাচলের উপযোগী করে। এরপরে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং লোকজন চলাচল শুরু করে।
ঈদকে সামনে রেখে এই সুযোগে অনেকেই এ ধরনের ঘটনা ঘটানোর অপচেষ্টা করবে। এমনটা ধারণা এলাকার সচেতন মহলের।



