নওগাঁর নিয়ামতপুরে স্বামীর কাঁচির আঘাতে স্ত্রীর মৃত্যু: স্বামী আটক

49
লাল সবুজের কথা- Lal Sobujer Kotha

মাহবুবুজ্জামান সেতু, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে পারিবারিক কলহের জেরে স্বামীর কাঁচির আঘাতে তুকাজেবা খাতুন (১৭) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ঘটনায় ঘাতক স্বামী সালাউদ্দিন সনিকে (২০) আটক করেছে পুলিশ। বুধবার (৩১জুন) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের ধানশা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত তুকাজেবা খাতুন ওই গ্রামের আবুল হোসেনের মেয়ে এবং আটক সালাউদ্দিন সনি চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার মুরাদপুর গ্রামের আজিজুল হকের ছেলে।

নিয়ামতপুর থানার ডিউটি অফিসার সহকারী-উপপরিদর্শক (এএসআই) সিদ্দিক বলেন, গত কয়েকদিন থেকে সালাউদ্দিন ওরফে সনি স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়ি উপজেলার পারইল ইউনিয়নের ধানশা গ্রামে অবস্থান করছিলেন।

বুধবার সকালে সালাউদ্দিন তার গ্রামের বাড়ি মুরাদপুরে যেতে চাইলে স্ত্রী নিষেধ করে। এতে উভয়ের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে সালাউদ্দিন কাঁচি দিয়ে স্ত্রী তুকাজেবা খাতুনের গলায় আঘাত করে।

তুকাজেবাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে সকাল ৭ টার দিকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

তিনি বলেন, সালাউদ্দিন সনিকে সকাল সাড়ে ৭টার দিকে ধানশা গ্রাম থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।