কে এম রেজাউল করিম , দেবহাটা : দেবহাটা পল্লীতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিটে নিহত হয়েছে ১ জন। এ ঘটনায় পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করেছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় নিহতের ছেলে আব্দুর রহমান রাজু বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে। নিহতের নাম রফিকুল ইসলাম (৫৫)। তিনি দেবহাটা উপজেলার নোয়াপাড়া মাটিকুমড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত মোজাম্মেল সরদারের ছেলে। রফিকুল ইসলাম শ্রমজীবি আম ব্যবসায়ী ছিলেন।
তিনি ৪মেয়ে ও ৩ছেলে সন্তানের জনক। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রফিকুলের সাথে পাশর্^বর্তী মৃত ইমান আলীর ছেলে বাশারাত আলী (৪২) এর সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে বাশারাত রফিকুলের বাড়ির চলাচলের রাস্তার উপরে আবর্জনা ফেললে রফিকুল তার প্রতিবাদ করে। এ নিয়ে রফিকুল ও বাশারাতের সাথে কথা কাটাকাটি ও মারপিটের ঘটনা ঘটে। এক পর্যায়ে বাশারাতের আঘাতে রফিকুল ইসলাম পাশের পুকুরে পড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার পরে খবর পেয়ে দেবহাটা সার্কেলের সিনিয়র এএসপি এসএম জামিল আহম্মেদ ও দেবহাটা থানার ওসি বিপ্লব কুমার সাহা ঘটনাস্থলে পৌছান।
পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা মর্গে প্রেরন করেছে এবং এ ঘটনায় নিহতের ছেলে আব্দুর রহমান রাজু বাদী হয়ে বাশারাত, তার স্ত্রী বাশিরুনাহার (তারা)সহ কয়েকজনকে আসামী করে দেবহাটা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
ওসি বিপ্লব কুমার সাহা রফিকুল নামে একজনের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সিনিয়র এএসপি ও তিনি ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।
এ বিষয়ে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।


