বিনোদন ডেস্কঃ ‘দহন’র মিট দ্য প্রেস বৃহস্প্রতিবার সন্ধ্যায়। এতে উপস্থিত থাকার কথা চিত্রনায়ক ও চলচ্চিত্র পরিবারের প্রধান নেতা ফারুক। তাই দুইদিন ধরে এই মিট দ্য প্রেস নিয়ে চলছে নানা গুঞ্জন। কারণ ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। অথচ জাজের সঙ্গে এতোদিন চলচ্চিত্র পরিবারের দেখা গেছে দা কুমড়ো সম্পর্ক। এবার সেই চলচ্চিত্র পরিবারের প্রধান নেতা জাজের মিট দ্য প্রেসে?
মিস দ্য প্রেসের জন্য এফডিসিকে উৎসবের মতো করেই সাজানো হয়েছে। জবাই করা হয়েছে তিনটি গরু ও চারটি ছাগল। শুধু মিট দ্য প্রেসের জন্য এতো বড় আয়োজন কেন? এটা কী ‘দহন’ ছবির প্রচারণার অংশ না কি অন্য কিছু?
এমন সব প্রশ্ন নিয়ে মিট দ্য প্রেসের ঠিক কয়েক ঘন্টা আগে কথা হয় জাজের কর্ণধার আবদুল আজিজের সঙ্গে। সমকাল অনলাইনকে প্রশ্নগুলোর উত্তর দেন এ প্রযোজক।
আবদুল আজিজ বলেন, ‘শুরুতেই বলি। জাজের সঙ্গে কারও দ্বন্দ্ব নেই। নেই কোন মন-মালিন্য। জাজ কখনও কাউকে ছবি নির্মাণে বাঁধা দেয়নি। কখনও বলেনি অমুক নায়কের ছবি চলবে না। কারও শুটিংয়েও আমরা বাঁধা দেইনি। বরং জাজের পিছনে অনেকে লেগেছে। জাজ মূলত একটি প্রযোজনা সংস্থা। কারও শত্রু নয়।’
গরু জবাই করে মিট দ্য প্রেসে আপ্যায়ন হচ্ছে। এটা কী আলোচনায় আসার জন্য? প্রশ্নের উত্তরে আবদুল আজিজ বলেন, ‘যত ভালো কাজই করুন কিছু মানুষ এতে নেতিবাচক দিক খুঁজে বের করবেই। এটা আলোচনা বা সমালোনার জন্য করছি না। আমাদের দহন ছবির প্রেস মিট এটা। আমরা আগে ঢাকা ক্লাবে বা সোনারগাাঁও হোটেলে এমন আয়োজন করতাম। সেখানে অনেক খরচ হয়। সবাইকে দাওয়াতও দিতে পারিনা।একেক জনের পেছনে প্রায় তিন থেকে চার হাজার টাকা খরচ হয়। সেখানে এই প্রেস মিট করলে হয়তো দুইশ’ লোককে দাওয়াত দিতে পারতাম। আর এফডিসিতে সেই দুইশ’ জনের খরচে দুই হাজার লোককে দাওয়াত দিতে পারছি। দহনের বদৌলতে আমাদের সবার একটা গেট টুগেদার হয়ে গেলো। আর গরু জবাইয়ের বিষয়টা বলি, আমরা কসাইকে চারশ’ চল্লিশ কেজি মাংসের অর্ডার দিয়েছি। সে গরু এনে জবাই করে মাংস বানিয়ে দিয়ে গেছে।’
এফডিসির সকল সমিতির সদস্যদের কী দাওয়াত দেয়া হয়েছিল? প্রশ্ন রাখলে আবদুল আজিজ বলেন, ‘ আমরা এফসিসিতে চলচ্চিত্র কেন্দ্রিক যত সমিতি বা সংগঠন রয়েছে সব সমতিকে দাওয়াত দিয়েছি। তবে সকল সদস্যদের তো আর আমার একার পক্ষে বলা সম্ভভ নয় তাই সমিতিকে চিঠির মাধ্যমে জানিয়েছি তাদের সদস্যদের যেন তারা দাওয়াতের বিষয়টি অবগত করেন’
কিন্তু সম্প্রতি জানা গেলা শিল্পী সমিতি, পরিচালক সমিতির নেতাদের কেউ নাকী এতে আসবেন না। এমন কী ফারুক সাহেবও আসবেন না? এটা কেন? প্রশ্নের বিপরীতে আজিজ বলেন, ‘ফারুক সাহেব ভিডিও বার্তা পাঠিয়েছেন। তিনি নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছেন। তবে চলচ্চিত্রের ভালো কিছু করলে তিনি সব সময় আমাদের সঙ্গে আছেন বলেও জানিয়েছেন। অন্যরা আসবে কী আসবে না তা আমি এখনও সিউর না। সবাইকে দাওয়াত দিয়েছি। তাদের জন্য আয়োজনও করেছি।’
৩০ নভেম্বর মুক্তি পাবে রায়হান রাফি পরিচালিত ছবি ‘দহন’। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, পূজা চেরি, জাকিয়া বারি মম ও শিমুল খান।



