তালায় ইউপি চেয়ারম্যানদের কাছে সংযোগ সড়ক বিহীন গ্রামের তালিকা চেয়ে চিঠি

58

মো: জাবের হোসেন : বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুুযায়ী “আমার গ্রাম আমার শহর” প্রকল্পের আওতায় দেশের সকল গ্রামের তথ্য সংগ্রহ, গ্রামভিত্তিক পরিকল্পনা প্রণয়ন এবং বিশেষ করে পিছিয়ে পড়া বিশেষ অঞ্চলসমূহের উন্নয়নের লক্ষে বিশেষ সমীক্ষা পরিচালনা করা হচ্ছে। সে লক্ষে তালা উপজেলার ১২টি ইউনিয়নের সংযোগ সড়ক বিহীন গ্রামের তালিকা চেয়ে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের কাছে চিঠি পাঠিয়েছেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপজেলা প্রকৌশলীর কার্যালয়।

গত ৮ আগস্ট ২০২১ তারিখে তালা উপজেলা প্রকৌশলী (অঃ দাঃ) রথীন্দ্র নাথ হালদার স্বাক্ষরিত পত্রের স্মারক নং- ৪৬.০২.৮৭৯০.০০০.০১.০০৩.২১-৫৬৭ এর মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর উপজেলা প্রকৌশলীর কার্যালয় তালা, সাতক্ষীরা জানিয়েছেন, “আমার গ্রাম আমার শহর” প্রকল্পের আওতায় দেশের সকল গ্রামের তথ্য সংগ্রহ, গ্রামভিত্তিক পরিকল্পনা প্রণয়ন এবং বিশেষ করে পিছিয়ে পড়া বিশেষ অঞ্চলসমূহের উন্নয়নের লক্ষে বিশেষ সমীক্ষা পরিচালনা করা হচ্ছে। এর আওতায় সাতক্ষীরা জেলার তালা উপজেলাধীন সকল ইউনিয়নের সংযোগ সড়ক বিহীন গ্রামের তালিকা প্রেরণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। কিছু ইউনিয়নে অধিকাংশ গ্রামই পাকা সড়ক দিয়ে সংযুক্ত, কিন্তু কয়েকটি গ্রাম হয়তো এখনো সংযোগ বিহীন রয়ে গেছে। এমন সংযোগসড়ক বিহীন গ্রামের তালিকা আগামী ১২ আগস্ট ২০২১ ইংরেজি তারিখের মধ্যে প্রেরণের জন্য বলেছেন।

উল্লেখ্য যে, গ্রামের সংযোগ বলতে গ্রাম পর্যন্ত যেকোন একটি সড়ক দ্বারা সংযোগ বোঝাবে। উপজেলা সদর হতে যেসব গ্রামে ন্যূনতম একটি পাকা সড়ক দ্বারা যাতায়াত করা যায় তার তথ্য দেয়ার প্রয়োজন নেই। এ গ্রামে সড়ক যোগাযোগ আছে বলে গণ্য করা হবে।

এ বিষয়ে তালা উপজেলা প্রকৌশলী (অঃ দাঃ) রথীন্দ্র নাথ হালদার এ প্রতিনিধিকে বলেন, কোনো গ্রামে যদি একটাও পাকা রাস্তা না থাকে সেটার তথ্য দিতে হবে। তিনি বলেন এরকম তথ্যগুলো যাতে সবাই অবহিত করেন সে ব্যাপারে সবাইকে অনুরোধ করছি। সংশ্লিষ্ট চেয়ারম্যান অথবা নিজে যে কেউ তথ্য প্রেরণ করতে পারবেন বলে তিনি জানিয়েছেন।