মোঃ নয়ন হোসাইন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের বইছে শীতের হাওয়া। সকাল সন্ধ্যা ও রাতে প্রচন্ড কুয়াশা দেখা দিচ্ছে এ অঞ্চলের প্রত্যন্ত গ্রাম গুলিতে। কনকনে ঠান্ডায় অল্প আয়ের মানুষেরা বাজার থেকে কিনে নিচ্ছেন শীত নিবারনের গরম কাপড় বা শীত বস্ত্র।
কিন্তু প্রত্যন্ত গ্রাম গুলিতে কিছু অসহায় পরিবার চরম বিপাকে পড়েছে। ঠান্ডায় থর থর করে কাঁপছে ছোট শিশু ও বৃদ্ধরা। এমন অবস্থায় ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ল্যাম্পপোস্ট এইসব প্রত্যন্ত অঞ্চলের মানুষ গুলির কাছে পৌঁছে দিচ্ছে শীত নিবারণের বস্ত্র লেপ।
শুক্রবার বিকালে পীরগঞ্জ পাবলিক ক্লাব মাঠে দেখা যায় প্রায় সহস্রাধিক অসহায় পরিবারকে একত্র করে ল্যাম্পপোস্ট তাদের চতুর্থ লেপ বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে।
এ সময় লেপ পেয়ে খুশিতে আত্মহারা অসহায় মানুষগুলির সাথে কথা বলতে গেলে তারা বলেন, ‘হামাড়তি খুব শীত পইছে – হামা লেপ পানো বা। ল্যাম্পপোস্ট নামের সংগঠন ডা শহীদ মিনারটার ওঠে হামাক এই লেপলা দিলে।’
এভাবেই বলছিলেন প্রত্যন্ত অঞ্চলের সহজ-সরল এই মানুষগুলি। সংগঠনটির কাছ থেকে জানা যায় তারা প্রতি বছর এই শীত বস্ত্র বিতরণ করে আসছে। প্রতিবারের ন্যায় এবারও প্রচন্ড শীত প্রবন এলাকা ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে শীত বস্ত্র বিতরণ করছে তারা।



