ওবায়দুল কবির সম্রাট,কয়রা প্রতিনিধি : খুলনার কয়রা উপজেলার মেরামত না হওয়া দুই স্থানের বাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার। মঙ্গলবার দুপুরে প্রথমে দশহালিয়া এবং পরে গতিরঘেরি এলাকা পরিদর্শন করেন তিনি। এ সময় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক বলেন, দ্রুত সময়ের মধ্যে ভেঙে যাওয়া বাঁধের দুই স্থান মেরামতের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সাথে ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে পুনর্বাসনের আশ্বাস দেন। গত ২০ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে কয়রায় পাউবোর বাঁধের ২১টি স্থান ভেঙে বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়। পরে অন্য সব স্থানে বাঁধ মেরামত করা হলেও উপজেলার মহারাজপুর ইউনিয়নের দশহালিয়া ও উত্তরবেদকাশী ইউনিয়নের গাতিরঘেরি বাঁধ মেরামত হয়নি। ফলে সেখানকার বাসিন্দারা দুই মাস ধরে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছেন।
পাউবোর নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন, বাঁধ ২ টা জাইকার অর্থায়ানে কাজ হচ্ছে। আগামী ১৫ দিনের মধ্যে ওই বাঁধ দুটি মেরামতের জন্য সংশ্লিষ্ট ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে। তারা দ্রুত কাজ শেষ করার আশ্বাস দিয়েছেন।
বেঁড়িবাধ পরিদর্শন শেষে খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার সাংবাদিকদের বলেন, কয়রা উপজেলার দশহালিয়া ও গাতিরঘেরি বাঁধ পরিদর্শন করা হয়েছে।
এ সময় পাউবো কর্মকর্তা, জাইকার প্রতিনিধি, সংশ্লিষ্ট কাজের ঠিকাদারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখানে ঠিকাদরকে আগামী পণের দিনের মধ্যে বাঁধ মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। সাথে সাথে ক্ষতিগ্রস্থ মানুষদের প্রশাসনের পক্ষথেকে সকল ধরনের সহায়তা অব্যাহত রয়েছে।


