ক্ষুদ্র উদ্যোগ উন্নয়নে এডিবি’র সাথে ৫০ মিলিয়ন মার্কিন ডলারের চুক্তি স্বাক্ষর

34

ন্যাশনাল ডেস্ক : ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডের উৎপাদনশীলতা এবং কলেবর বৃদ্ধির মাধ্যমে টেকসই কর্মসংস্থানের লক্ষ্যে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) কর্তৃক বাস্তবায়নাধীন ‘মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রজেক্ট (এমডিপি)’ শীর্ষক প্রকল্পে এডিবি আরও ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ ও ০.৫০ মিলিয়ন মার্কিন ডলার কারিগরি সহায়তা প্রদান করছে। ২১ ডিসেম্বর ২০২০ তারিখে বাংলাদেশ সরকার ও এডিবি-এর মধ্যে এসংক্রান্ত একটি ঋণ চুক্তি এবং পিকেএসএফ ও এডিবি-এর মধ্যে একটি প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয়। ঋণ চুক্তিতে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব জনাব ফাতিমা ইয়াসমিন এবং প্রকল্প চুক্তিতে পিকেএসএফ এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ স্বাক্ষর করেন। এডিবি-এর পক্ষে উভয় চুক্তিতে স্বাক্ষর করেন বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর জনাব মনমোহন প্রকাশ।

ঋণ চুক্তি অনুযায়ী উক্ত ৫০ মিলিয়ন মার্কিন ডলার ঋণ কোভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত প্রায় ৩০,০০০ ক্ষুদ্র উদ্যোক্তাকে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধারের লক্ষ্যে প্রদান করা হবে। এছাড়া, ০.৫০ মিলিয়ন মার্কিন ডলারের কারিগরি সহায়তার আওতায় প্রকল্পের চলমান কার্যক্রমসমূহ যেমন: ক্ষুদ্র উদ্যোগসমূহে মোবাইল ফোনভিত্তিক লেনদেন প্রযুক্তির ব্যবহার, তাদের উৎপাদিত পণ্য ই-কমার্স/এফ-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে বৃহত্তর বাজারে বিপণনে সহায়তা প্রদান, ব্যবসাগুচ্ছ উন্নয়ন এবং দক্ষতা উন্নয়নের কার্যক্রম আরও বড় পরিসরে বাস্তবায়ন করা হবে। বর্ধিত অর্থায়নের আওতায় উক্ত প্রকল্পটির মেয়াদ হবে ২ বছর।

ভার্চুয়াল চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জনাব অরিজিৎ চৌধুরী, অতিরিক্ত সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; ড. পিয়ার মোহাম্মদ, অতিরিক্ত সচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ; জনাব মো. ফজলুল কাদের, উপ-ব্যবস্থাপনা পরিচালক, পিকেএসএফ; জনাব সৈয়দা আমিনা ফাহমীন, উপসচিব, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ; জনাব মুর্শেদা জামান, উপসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ; ড. আকন্দ মো. রফিকুল ইসলাম, সিনিয়র মহাব্যবস্থাপক, পিকেএসএফ; ড. মেসবাহউদ্দিন আহমেদ, প্রকল্প সমন্বয়কারী, এমডিপি, পিকেএসএফ, এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, পিকেএসএফ ও এডিবি-এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।