আজিজুর রহমান, কেশবপুর প্রতিনিধি : কেশবপুরে পানি খেতে গিয়ে পান বরজের নারী শ্রমিক সেবেকা খাতুন (৪০) বিদ্যুৎ স্পৃষ্টে মারা গেছেন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে উপজেলার হাসানপুর ইউনিয়নের টিটাবাজিতপুর গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার টিটাবাজিতপুর গ্রামের মৃত আফসার আলীর মেয়ে সেবেকা খাতুন শুক্রবার সকালে তার মামার পানের বরজে কাজ করতে যান।
এ সময় পানি পিপাসা পেলে পান বরজের পাশের একটি মুরগির খামারের মোটর থেকে পানি খেতে গেলে অসাবধনতাবস্থায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।খবর পেয়ে কেশবপুর থানার উপ-পরিদর্শক লিখন কুমার সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় নিহতের ভাই এরশাদ আলী বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নারী শ্রমিকের মৃত্যুর ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়।


