কে এম রেজাউল করিম, দেবহাটা : পূর্বের যে কোনো সময়ের চেয়ে যদি ভালো সেবা না দিতে পারি তাহলে স্বেচ্ছায় কালিগঞ্জ ছেড়ে চলে যাবো। আমি আজ পর্যন্ত আল্লাহ ছাড়া কোনো অন্যায়ের কাছে মাথা নত করি নাই। অন্যায়কারী যত ক্ষমতাধর হোক না কেন তার সাথে আপোষ করাতো দূরের কথা ছরিও বলতে শিখিনি। আমরাতো মানুষ কাজ করলে হয়তো ভুল হতে পারে। শয়তানের ভুল হয়না। তাই অনুগ্রহপূর্বক আমাদের ভুল ধরিয়ে দিবেন। তাহলে মানুষের মধ্যে ভুল বুঝাবুঝি কম হবে এবং জনগণ প্রকৃত সেবা পাবে।
পুলিশ ও সাংবাদিকদের লক্ষ্য একই। আপনারা কালিগঞ্জ উপজেলায় কোনো দুর্নীতি, অনিয়ম, রাষ্ট্র্রবিরোধী কার্যক্রম দেখলে যাচাই-বাছাইপূর্বক প্রকৃত সত্য ঘটনা পত্রিকায় প্রকাশ করবেন। এমনকি আমার থানার কোনো স্টাফ যদি অন্যায়,দুর্নীতি করে তাও যাচাই-বাছাই করে সত্য প্রমাণিত হলে আরো বেশি বেশি নিউজ করবেন। আমি সর্বাত্মক সহযোগিতা করবো। এছাড়া যে কোনো ধরনের ভালো কাজে সাংবাদিক ভাইদের সার্বিক সহযোগিতা পেলে বর্তমান উন্নয়নশীল দেশের কাতার থেকে আমরা বাংলাদেশকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে কিছুটা হলেও অবদান রাখতে পারবো বলে জানান কালিগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা।
গত ২ মে কালিগঞ্জ থানায় যোগদানের মাধ্যমে বিগত অফিসার ইনচার্জ মো: দেলোয়ার হুসেন এর স্থলাভিষিক্ত হন মোহাম্মদ গোলাম মোস্তফা। প্রায় এক মাসের মাথায় এসে ১ জুন মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় কালিগঞ্জ থানা চত্ত্বরে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিত ও মতবিনিময় সভায় আয়োজন করেন ওসি গোলাম মোস্তফা। থানার পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন সেকেন্ড অফিসার তরিকুল ইসলাম, নবাগত এস আই হাসান সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এসময় কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় সাংবাদিকদের মধ্য থেকে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও প্রেসক্লাবের সহ-সভাপতি নিয়াজ কাওছার তুহিন, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি ও প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক শেখ ইকবাল আলম বাবলু, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, সাংবাদিক ও চাম্পাফুল ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান আব্দুল লতিফ মোড়ল, প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মনিরুজ্জামান (মহসিন), প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, প্রেসক্লাবের তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্যাহ বাচ্চু, নির্বাহী সদস্য গোলাম ফারুক, উপজেলার দৃষ্টিপাত ব্যুরো প্রধান আশেক মেহেদি, শেখ লুৎফর রহমান, আব্দুল করিম মামুন হাসান, শামীম আহমেদ সোহাগ, অনলাইন রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক আতিকুর রহমান, রেডিও নলতার আব্দুল্লাহ আল মামুন সহ বিভিন্ন পর্যায়ের কলম সৈনিকবৃন্দ।
বক্তব্যে কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বলেন- আমাদের সাংবাদিকদের মধ্য থেকেও যদি কেউ অন্যায় করে তাহলে যাচাই-বাছাইপূর্বক সত্য প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে আমাদের কোনো তদ্বির থাকবেনা।
এছাড়া সভাপতি সহ অন্যান্য বক্তাগণ আরো বলেন- সীমান্তবর্তী জেলা হিসেবে সাতক্ষীরা জেলায় করোনা রোগী ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে। যে কোনো মুহূর্তে লকডাউন আসতে পারে। সবাই ঝুঁকির মধ্যে আছি। তাই মহামারি করোনা ভাইরাসে মানুষকে সচেতন করতে পূর্বের মত মোবাইল কোর্ট ও পুলিশি অভিযান জোরদার করতে হবে। রাস্তার ধারে কাঠের গুড়ি, ইট, বালু সহ অন্যান্য দ্রব্যাদি ফেলা বন্ধ করতে হবে।
মৎস্য সেড, আড়ৎ, ডিপোতে চিংড়ী মাছে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে পুশ বিরোধী অভিযান জোরদার করতে হবে। পূর্বের ন্যায় সাংবাদিকদের সাথে মাসিক মতবিনিময় সভার ব্যবস্থা করার আহবান রেখে কালিগঞ্জ থানা পুলিশের যে কোনো ভালো কাজে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন বক্তাগণ।
মতবিনিময় সভা শেষে উপস্থিত সকল কলম সৈনিকদের একটি কলম উপহার দেন অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম মোস্তফা।


