কলারোয়া প্রতিনিধিঃ উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় সাতক্ষীরার কলারোয়ায় একদিনে দু’টি বাল্যবিবাহ রোধ করলো থানা পুলিশ।
শুক্রবার (৩০নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে এঘটনা ঘটে। থানা সূত্র জানায়- কলারোয়া উপজেলার জয়নগর ইউনিয়নের খোরদো-বাটরা গ্রামের আবু বক্কর মোড়লের মেয়ে (১৭) এর সাথে একই ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের নাজমুল হুদার ছেলে সবুজের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে কনে অপ্রাপ্ত বয়সী হওয়ায় সরসকাটি ক্যাম্পের পুলিশ তাদেরকে থানায় নিয়ে আসেন।
একই ভাবে সোনাবাড়িয়া ইউনিয়নের সোনাবাড়িয়া গ্রামের আনার আলী গাজির মেয়ে (১৪) এর সাথে কেঁড়াগাছি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে আলমগীরের বিয়ের খবরে তাদেরকেও থানায় নিয়ে আসা হয়।
পরে উভয় ছেলে-মেয়েদের অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ শেখ মারুফ আহম্মদ, উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের সহকারী নারায়ন চন্দ্র বিশ্বাস প্রমুখ।



