আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার দরগাহপুরে ভালো শিখন ও অভিজ্ঞতা বিনিময় সফর সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকালে কুল্যা ইউনিয়ন পরিষদ এর আয়োজনে অভিজ্ঞতা বিনিময় করতে সিভিও সদস্যবৃন্দ, সহায়ক দল এর সদস্যবৃন্দ, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও ইউনিয়ন পরিষদের প্রতিনিধিবৃন্দের অংশগ্রহনে একটি দল দরগাহপুরে গমন করেন। সমতা প্রকল্প, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় সেখানে গিয়ে প্রতিনিধিদল দরগাহপুর ইউনিয়নের খরিয়াটিতে “সবার উপযোগী শতভাগ হাত ধোয়ার প্রযুক্তি, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন, নিরাপদ পানি ও মাসিক ব্যবস্থাপনাযুক্ত ওয়ার্ড” কিভাবে ঘোষনা করলেন সে বিষয়ে জানার জন্য দরগাহপুর ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়ন ওয়াটসন কমিটির সাথে মতবিনিময় করেন। এরপর প্রতিনিধি দলের সদস্যবৃন্দ খরিয়াটিতে গমন করে ঐ গ্রামের পাড়া দলের সদস্যবৃন্দের সাথে মতবিনিময় করেন। সবশেষে প্রতিনিধি দলের সদস্যবৃন্দ “সবার উপযোগী শতভাগ হাত ধোয়ার প্রযুক্তি, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন, নিরাপদ পানি ও মাসিক ব্যবস্থাপনাযুক্ত ওয়ার্ড এর পাড়া (খানা) পরিদর্শন করেন। সফরকালে পৃথক পৃথক স্থানে উপজেলা সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, দরগাহপুর ইউপি সচিব মাহফুজুর রহমান, ইউপি সদস্য নজরুল ইসলাম ও আব্দুল মাজেদ গাজী, সমতা প্রকল্পের প্রকল্প কর্মকর্তা হারুন অর রশিদ ও সমতা প্রকল্পের ডিআইএএফ ডিআরআরএ আক্তারুল ইসলামসহ কুল্যা থেকে গমনকৃত প্রতিনিধি দলের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর’১৯ দরগাহপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডকে “সবার উপযোগী শতভাগ হাত ধোয়ার প্রযুক্তি, স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন, নিরাপদ পানি ও মাসিক ব্যবস্থাপনাযুক্ত ওয়ার্ড” ঘোষনা করা হয়।


