নিজস্ব প্রতিনিধি ।। সাতক্ষীরার নতুন জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবির। তিনি ঢাকা কলেজের সাবেক শিক্ষার্থী।
বুধবার (২৩ জুন) দুপুরে বিদায়ী জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল নতুন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের কাছে দায়িত্বভার হস্তান্তর করে সাতক্ষীরা ত্যাগ করেন।
বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপ-সচিব পদে যোগদান করবেন।
তার আগে গত ৩১ মে (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা বদলি ও পদায়ন করে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। সদ্য বিদায়ী জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ২০১৮ সালের ৯ অক্টোবর সাতক্ষীরায় যোগদান করেন। তিনি গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
দায়িত্বভার হস্তান্তরকালে বিদায়ী জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল নতুন জেলা প্রশাসককে শুভেচ্ছা অভ্যর্থনা জানান ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।
বিদায় বেলা এস এম মোস্তফা কামাল সাতক্ষীরায় তার কর্মময় সময়ে সাতক্ষীরাবাসীর প্রতি মুগ্ধ হয়ে স্মৃতিচারণ করেন। এসময় নুতন জেলা প্রশাসক হিসাবে সদ্য যোগদানকৃত মোহাম্মদ হুমায়ুন কবির সকলের সহযোগিতা প্রত্যাশা করে সাতক্ষীরাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।


