আজিজুর রহমান: যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপির বড় ভাই জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম চাকলাদারের স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান হয়েছে। সোমবার বিকালে যশোর শহরের কাঁঠালতলা ঈদগাহ মাঠে চাকলাদার পরিবারের আয়োজনে এ অনুষ্ঠান হয়। এ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা আব্দুস সালাম চাকলাদারের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সহযোদ্ধারা।
মুক্তিযোদ্ধারা বলেন, সালাম চাকলাদার সাহসী দেশপ্রেমী ছিলেন। এখনকার যুবকেরা উন্নয়ন দিয়ে ভাবে।
আর ১৯৭১ সালে যুবকদের ভাবনায় ছিলো জীবনটা যায় যাক; তবু বাংলাদেশকে স্বাধীন করতে হবে। আব্দুস সালাম ছিল তাদেরই একজন। মুক্তিযুদ্ধ চলাকালে জুলাই মাসে একদল যুবককে সাথে নিয়ে যুদ্ধে অংশগ্রহণের শপথ নিয়েছিলেন সালাম চাকলাদার। যুদ্ধে অংশ নিয়ে শহরের বিভিন্ন স্থানে অপারেশন পরিচালনায় সালাম ছিলেন এক সাহসী সৈনিক। তিনি কখনো নিজের জন্য ভাবেননি। দেশের জন্য ভেবেছিলেন।
সালাম চাকলাদার শুধু ব্যবসায়ী ছিলেন না। ইসলাম ধর্মের দ্বীনের জন্যও কাজ করেছেন। যশোরের বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার উন্নয়নেও তিনি কাজ করেছেন। পরকালে এসব দ্বীনের কাজের জন্য আল্লাহ তাকে জান্নাতবাসী করবেন।যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মাহমুদ হাসান বিপুর পরিচালনায় এসময় বক্তব্য রাখেন, বৃহত্তর যশোর জেলা মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা একেএম খয়রাত হোসেন, কেশবপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুযহারুল ইসলাম মন্টু, রাজেক আহম্মদ, মুক্তিযোদ্ধা কাজী রফিক, নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা খায়রুজ্জামান রয়েল, সেক্টর কমান্ডার আজিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, কেশবপুর থানা কমান্ডার মুহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা গোলাম রসুল, মুক্তিযোদ্ধা আলী আকবর, জেলা ফতোয়া বোর্ডের সভাপতি মুফতি মাওলানা মুজিবুর রহমান যশোরী, জেলা ইমাম পরিষদের সভাপতি আনোয়ারুল করিম, সাধারণ সম্পাদক মাওলানা বেলায়েত হোসেন, সাবেক সভাপতি আব্দুল মান্নান, যশোর শহরের খুলনা বাসস্ট্যান্ড জামে মসজিদের মুহতামিম আব্দুল খায়ের, শহরের কারবালা জামে মসজিদের মুহতামিম মহিবুল্লাহ, টালিখোলা মসজিদের মুহতামিম আব্দুল কাদের।
স্মৃতিচারণ অনুষ্ঠানে চাকলাদার পরিবারের পক্ষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মরহুম সালাম চাকলাদারের ছোট ভাই ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এমপি। এ সময় তিনি বলেন, মুক্তিযোদ্ধা সালাম চাকলাদার একজন সাহসী যোদ্ধা ছিলেন। মুক্তিযুদ্ধে তিনি সাহসিকতার সাথে যুদ্ধের পাশাপাশি তার সঙ্গীদের মনে সাহস যুগিয়েছিলেন। সেই সাথে তিনি সৎ ও ধার্মিক মানুষ ছিলেন। শ্রমিকদের সাথে নিয়ে তিনি বিভিন্ন সময়ে ন্যায্য দাবি-দাওয়া আদায়ে কাজ করে গেছেন। সমাজের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কাজে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন। শুধু সালাম চাকলাদার নিজে না; চাকলাদার পরিবার’ই সবসময় মানুষের সুখে দুঃখে কাজ করে যাচ্ছে। মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।
শাহীন চাকলাদার তার মরহুম বড় ভাই সালাম চাকলাদারের রূহের মাগফেরাত কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন টালিখোলা মসজিদের মুহতামিম মাওলানা আব্দুল কাদের। দোয়া মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠানে যশোরের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিক ও সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। করোনা ভাইরাস সংক্রমণ মাথায় রেখে আয়োজক কমিটি সমগ্র দোয়া অনুষ্ঠানের প্রবেশ দ্বারে জীবাণুনাশক হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করে।



