আন্তর্জাতিক ডেস্ক : জার্মানিতে একটি শিল্পপার্কের কারখানায় ভয়াবহ বিস্ফোরণে ঘটনাস্থলে দুজন নিহত এবং আরও চারজন নিখোঁজ রয়েছেন।
দেশটির পশ্চিমাঞ্চলীয় লেভেরকুসেন শহরে স্থানীয় সময় মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
শিল্পপার্কটিতে ৩০টিরও বেশি কারখানা রয়েছে। কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তা অনুসন্ধান করা হচ্ছে। খবর আরব নিউজের।
পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে— কারখানার রাসায়নিক ও দাহ্যপদার্থের গোডাউনে ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর পেয়ে দমকল বাহিনীর লোকজন টানা ৩ ঘণ্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষাক্ত গ্যাস থেকে নিজেদের রক্ষা করতে পুলিশ শহরের বাসিন্দাদের ঘরের দরজা-জানালা বন্ধ রাখার পরামর্শ দিয়েছে।
এ ঘটনায় কারখানা থেকে ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।


