অনলাইন ডেস্ক ।। সাবেক সোভিয়েত ইউনিয়ন থেকে পৃথক হওয়া দুই প্রতিবেশী দেশ কিরগিজস্তান ও তাজিকিস্তান সীমান্ত বিরোধ নিয়ে সংঘর্ষে জড়িয়েছে। এতে কমপক্ষে ৩১ জন নিহত হয়।
এছাড়াও আরও দেড় শতাধিক সেনা সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সীমান্তের একটি জলাধার ও কৌশলগত এলাকা নিয়ে মধ্য এশিয়ার দেশ দুটির মধ্যে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছিল।খবর আরব নিউজের।
এ নিয়ে গত বৃহস্পতিবার দুই দেশের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হলে এ হতাহতের ঘটনা ঘটে।
এদিকে, এ সংঘাত নিরসনে প্রতিবেশী দেশ দুটি শুক্রবার আলোচনায় বসেছে। কিন্তু তাজিকিস্তান ও কিরগিজস্তান সীমান্তে শনিবার আবারও উত্তেজনা দেখা দিয়েছে। কিরগিজস্তান বলেছে, তাজিকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করে শনিবারও সীমান্তবর্তী আবাসিক এলাকায় হামলা চালিয়েছে।
বিতর্কিত ওই সীমানায় ভূখণ্ড ও পানি নিয়ে দেশ দুটির মধ্যে বিরোধ দীর্ঘদিনের। সীমান্ত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে ১০ হাজার মানুষকে।
কিরগিজস্তান ও তাজিকিস্তানের ওই সীমান্ত এলাকার মানুষজনের মধ্যে প্রায়শই সংঘর্ষের ঘটনা ঘটে। তবে দেশ দুটির সীমান্তরক্ষীদের মধ্যে এ সংঘাতে জড়ানোর ঘটনা খুব কম। গত কয়েক বছরের মধ্যে দুই দেশের সেনাদের এটাই সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ।
বৃহস্পতিবার দুই দেশের সামরিক বাহিনী সেখানে ভয়াবহ সংঘর্ষে জড়িয়ে পড়ে। উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি শুরু হয়। সংঘর্ষ শুরুর পর তা ব্যাপক পরিসরে ছড়িয়ে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছিল। তবে বৃহস্পতিবার রাতেই কিরগিজস্তান যুদ্ধবিরতির ঘোষণা দেয়।
সোভিয়েত ইউনিয়নের পতনের পর ১৯৯১ সালে কিরগিজস্তান ও তাজিকিস্তান স্বাধীনতা লাভ করে। কিন্তু দেশ দুটির মধ্যে সীমান্ত নিয়ে বিরোধ থেকেই যায়। ফলে তখন থেকেই দুই দেশের মধ্য সীমানা নির্ধারণ নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়ে আসছে।


